বরিশাল মেট্রোপলিটনে আরও তিনটি থানা হচ্ছে
বরিশাল মেট্রোপলিটনে আরও তিনটি থানার কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। ২৫ জানুয়ারি ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন অন অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের (নিকার) সভায় ওই অনুমোদন দেওয়া হয়। থানা তিনটি হলো বন্দর থানা, বিসিক থানা এবং বিমানবন্দর থানা।মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, ২০০৬ সালের অক্টোবরে ৮৪ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা করা হয়। সেই থেকে মেট্রোপলিটন পুলিশ মাত্র একটি থানার মাধ্যমে কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তখনি বাকি তিনটি থানার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। এ সংক্রান্ত কাগজপত্র মন্ত্রলাণয়ে প্রেরণ করলেও দীর্ঘ চার বছরে কাজ শুরু হয়নি।নতুন থানাগুলোয় একজন সহকারী কমিশনার, দুজন ইনসপেক্টর, ১৫ জন এসআই, ১০ জন এএসআই এবং ২৫ জন কনস্টেবল থাকবে।এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘নতুন তিনটি থানা অনুমোদন করায় আমাদের ওপর চাপ একটু কমবে এবং মানুষের সেবা দেওয়ার সুযোগ অনেকটা বেড়ে গেল। আপাতত নিজস্ব ভবন করা সম্ভব হবে না। সে ক্ষেত্রে ভাড়া বাড়িতেই প্রাথমিক কাজ শুরু করতে হবে।’