বরিশালে অধ্যক্ষ লাঞ্ছনায় সংশ্লিষ্টতা অস্বীকার ছাত্রলীগের
বরিশালে সরকারি বজ্রমোহন (বিএম) কলেজে নতুন নিয়োগ পাওয়া অধ্যক্ষ শংকর চন্দ্র দত্তের ওপর হামলার দায় অস্বীকার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।আজ বুধবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, বিএম কলেজে ছাত্রলীগের কোনো সাংগঠনিক কাঠামো বা কমিটি নেই। কাজেই সেখানে কোনো ঘটনার দায় কর্তৃপক্ষকেই নিতে হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত সংবাদে যাদের ছাত্রলীগের নেতা বানানো হয়েছে, তারা ছাত্রলীগের কেউ না। কিছু ছাত্র নামধারী অছাত্রদের দিয়ে বরিশাল বিএম কলেজের সাবেক অধ্যক্ষ ননীগোপাল দাস নিজের স্বার্থ উদ্ধার করতে এই কমিটি বানিয়েছেন। এর সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ ও ছাত্র নামধারী সন্ত্রাসীদের অপকর্মের দায় বাংলাদেশ ছাত্রলীগের ঘাড়ে দেয়ার অপচেষ্টা বাংলার ছাত্রসমাজ মেনে নেবে না। তাই প্রকাশিত এই সংবাদের প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। বিএম কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগ দিতে গিয়ে হামলা শিকার হন শংকর চন্দ্র দত্ত। কলেজের অস্থায়ী ছাত্র কর্মপরিষদ ও ছাত্রলীগের নেতারা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কলেজের আগের অধ্যক্ষ ননীগোপাল দাসের বদলি ঠেকাতে ছাত্র কর্মপরিষদের সহসভাপতি মঈন তুষার ও সাধারণ সম্পাদক নাহিদ সেরনিয়াবাতের নেতৃত্বে ১৩ দিন ধরে আন্দোলন চলছে। গতকাল এ দুজনের নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। মঈন ও নাহিদ কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।