বরিশালে অন্তঃসত্ত্বা শিক্ষিকা খুন, যুবলীগের নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গতকাল বুধবার অন্তঃসত্ত্বা স্কুলশিক্ষিকা খুন হয়েছেন। যুবলীগের নেতা আবুল হোসেনের বিরুদ্ধে এ খুনের অভিযোগ উঠেছে।খুন হওয়া শিক্ষিকার নাম শারমীন জাহান (২৪)। তিনি পূর্ব সুজনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তাঁর স্বামী জসিম উদ্দিন সেনাসদস্য। স্বামী কর্মস্থলে থাকায় গৈলা বাজারসংলগ্ন প্রভাতি টাওয়ার এলাকায় বাবার বাড়িতেই থাকতেন শারমীন।আগৈলঝাড়া থানা সূত্রে জানা যায়, শারমীন বিদ্যালয়ে যাওয়ার পথে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক আবুল হোসেন তাঁকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। প্রত্যক্ষদর্শী শারমীনের সহকর্মী মাকসুদা বেগম জানান, গতকাল বিকেল সাড়ে চারটায় বিদ্যালয় ছুটি হওয়ার পর তাঁরা বাড়ি ফিরছিলেন। পূর্ব সুজনকাঠি এতিমখানার কাছে পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা আবুল অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে শারমীনকে কোপাতে থাকেন। শারমীনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আবুল পালিয়ে যান। এলাকাবাসী শারমীনকে উদ্ধার করে গৈলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শারমীন চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানান গৈলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সবুজ পাত্র।শারমীনকে খুন করার খবর ছড়িয়ে পড়লে জনতা গৌরনদী উপজেলার চাঁদশী এলাকা থেকে আবুলকে আটক করে পুলিশে দেয়। শারমীনের মামা গোলাম ফারুক জানান, শারমীনকে উত্ত্যক্ত করার কারণে কিছুদিন আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গৈলা বাজারে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আবুলের বিচার করা হয়। এতে আবুলকে ১০০ জুতাপেটা ও গালমন্দ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আবুল আরও বেপরোয়া হয়ে ওঠেন।শারমীনের স্বামী জসিম জানান, শারমীনকে এর আগেও উত্ত্যক্ত করেন আবুল। এ ব্যাপারে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার নন্দী জানান, শিক্ষিকা শারমীনের লাশ থানা হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (আজ) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। আবুলকে আটক করা হয়েছে।এদিকে শিক্ষিকা শারমীন হত্যার সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষকেরা রাস্তায় নেমে আসেন। তাৎক্ষণিকভাবে থানা ঘেরাও করে হত্যাকারী আবুলের ফাঁসির দাবি জানান তাঁরা। শিক্ষকদের সঙ্গে স্থানীয় জনতাও যোগ দেয়।