বরিশালে অবৈধভাবে নির্মিত ভবন উদ্বোধন করলেন মেয়র!
বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন আজ রোববার বেলা ১১টায় বরিশাল জেলা মত্স্য আড়তদার অ্যাসোসিয়েশনের তিনতলা ভবন উদ্বোধন করেছেন। অভিযোগ রয়েছে, ওই ভবন নির্মাণে সিটি করপোরেশনের অনুমতি নেওয়া হয়নি এবং জেল খালের একটা অংশ ভরাট করে ভবনটি নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান ও মত্স্য আড়তদার অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।প্রতিক্রিয়া জানার জন্য আজ মেয়রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, আড়তদার অ্যাসোসিয়েশনের ভবনটি ব্যক্তিমালিকানাধীন জায়গায় নির্মাণ করা হয়েছে। আমরা সিটি করপোরেশনের সার্ভেয়ার দিয়ে মেপে দেখেছি, জেল খালের জায়গা দখল করা হয়নি। সিটি করপোরেশনের অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা কাগজপত্র জমা দিয়েছে। আমরা অনুমতি দেওয়ার পর্যায়ে আছি।’ সরেজমিনে দেখা যায়, কীর্তনখোলা নদীর মোহনাসংলগ্ন জেল খালের একাংশ ভরাট করে ‘ইলিশ’ নামের ওই ভবনটি নির্মাণ করা হয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, সাবেক শহীদ জিয়া মত্স্য মার্কেট বর্তমানে বরিশাল জেলা মত্স্য অবতরণকেন্দ্রের বেশির ভাগ জায়গা জেলা প্রশাসনের এবং নদীসংলগ্ন অংশ বিআইডব্লিউটিএর। এই প্লটেই বরিশাল জেলা মত্স্য আড়তদার অ্যাসোসিয়েশনের তিনতলা ভবনটি গড়ে উঠেছে।জমি বিক্রির বিষয়ে জানতে চাইলে বরিশাল বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন কর্মকর্তা কাজী ওয়াকিল নওয়াজ প্রথম আলোকে বলেন, ‘ওই জায়গা নিয়ে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর মধ্যে মামলা চলছে। তাই ওই জমি কেনার কোনো সুযোগ নেই।’এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পলাশ কান্তি বালা প্রথম আলোকে বলেন, বরিশালে নদীর তীরের অনেক জমি বিভিন্ন সময় বন্দোবস্ত দেওয়া হয়েছে। এসব জমিতে স্থায়ী স্থাপনা নির্মাণ করতে চাইলে জেলা প্রশাসন ও ভূমি মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন। কিন্তু মত্স্য আড়তদার অ্যাসোসিয়েশন স্থায়ী ভবন নির্মাণের জন্য কোনো অনুমতি নেয়নি। বরিশাল জেলা মত্স্য অ্যাসোসিয়েশনের সভাপতি অজিত দাস প্রথম আলোকে বলেন, ভবন নির্মাণ করার জন্য সিটি করপোরেশনে কাগজপত্র জমা দেওয়া হয়েছে। খালের অংশ ভরাটের বিষয়ে তিনি বলেন, আমরা খাল ভরাট করিনি। উল্লেখ্য, গত তত্ত্বাবধায়ক সরকার ভবন নির্মাণের জায়গা থেকে মাছ ব্যবসায়ীদের সরকারি মত্স্য অবতরণকেন্দ্রে স্থানান্তর করে। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সরকারি রাজস্ব ফাঁকি ও ভাগবাটোয়ারা করার জন্য সরকারি অবতরণকেন্দ্র ছেড়ে আবার ওই স্থানে ফিরে আসেন মাছ ব্যবসায়ীরা।