বাংলাদেশ ছাত্রলীগের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গতকাল মঙ্গলবার বরিশাল মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরা চাপাতি, চায়নিজ কুড়াল, রামদা ও লাঠিসোঁটা নিয়ে অপর পক্ষকে ধাওয়া করেছে। শহরের সদর রোডে এ ঘটনায় কেউ আহত হয়নি।ছাত্রলীগ সূত্র জানায়, গতকাল সকালে নগরের সোহেল চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হচ্ছিল। বেলা ১১টার দিকে ছাত্রলীগের কর্মী তৌহিদুল ইসলাম বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় উভয় পক্ষ বাগিবতণ্ডায় জড়িয়ে পড়ে। কর্মসূচি শেষে দুপুর দেড়টার দিকে সদর রোড দিয়ে পলিটেকনিকে যাচ্ছিলেন রাজ্জাক। পথে কাকলির মোড়ে তৌহিদুল ও মহানগর ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সদস্য জসিম উদ্দিন রাজ্জাককে মারধর করেন। এ খবর পলিটেকনিক ইনস্টিটিউটে পৌঁছালে রাজ্জাকের সমর্থকেরা চাপাতি, চায়নিজ কুড়াল, রামদা ও লাঠিসোঁটা নিয়ে জসিম ও তৌহিদুলের পক্ষকে সোহেল চত্বর থেকে ধাওয়া দেন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে রাজ্জাকের পক্ষের কর্মীরা পাশে আদালতপাড়ায় অবস্থান নেন। পরে পুলিশ এসে উভয় পক্ষকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বরিশাল-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তালুকদার মো. ইউনুস প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের কর্মসূচির পরে সোহেল চত্বরে কিছু একটা ঘটছে খবর পেয়ে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেই এবং নিজেও ঘটনাস্থলে ছুটে যাই। ছাত্রলীগের কোনো কর্মী দা ও চেলাকাঠ নিয়ে ধাওয়ার ঘটনায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’মহানগর ছাত্রলীগের বিলুপ্ত কমিটির এক যুগ্ম আহ্বায়ক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, রাজ্জাকের পক্ষ গতকাল প্রস্তুতি নিয়েই এসেছিল। নইলে মুহূর্তের মধ্যে তারা এত দা ও কাঠ কোথায় পেল? রাজ্জাকের কারণে গত ৪ মে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ ঘটনায় মহানগর ছাত্রলীগের কোনো ভূমিকাই না থাকলেও মহানগর কমিটি বিলুপ্ত করা হয়। ছাত্রলীগের নেতা আবদুর রাজ্জাক বলেন, ‘পলিটেকনিক শাখা ছাত্রলীগের কর্মীদের সঙ্গে তৌহিদুল ও জসিমের সামান্য ঘটনা ঘটে। তখন আমার সঙ্গে ওদের কথাকাটাকাটি হয়। ফেরার পথে কাকলির মোড়ে ওরা আমার সঙ্গে ফের বাগিবতণ্ডা করে।’এ ব্যাপারে ছাত্রলীগের নেতা জসিম উদ্দিন বলেন, ‘রাজ্জাক সকালে ছাত্রলীগের কর্মী তৌহিদুলকে মারধর করেন। একইভাবে তৌহিদুলও রাজ্জাককে মারধর করেন। পরে রাজ্জাকের পোলাপান দা ও লাঠিসোঁটা নিয়ে এসে ধাওয়া দেয়। আমি এ ঘটনায় জড়িত নই।’এ ব্যাপারে ছাত্রলীগের কর্মী তৌহিদুলের মুঠোফোনে অনেকবার যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া গেছে।