বরিশালে আকস্মিক বন্দর পরিদর্শনে নৌমন্ত্রী, অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে
বরিশাল নৌবন্দর এলাকার সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। বরিশালে পরিত্যক্ত নৌ কারখানায় আধুনিক মেরিন একাডেমি নির্মাণ করা হবে। আকস্মিক পরিদর্শনে বরিশাল নৌবন্দরে এসে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।আজ শনিবার সকাল নয়টার দিকে ভোলা-লক্ষ্মীপুর ফেরি সার্ভিস উদ্বোধন করতে যাওয়ার পথে শাজাহান খান হঠাত্ করেই নৌবন্দর পরিদর্শনে যান। এ সময় তিনি বন্দরের কাজে অসন্তোষ প্রকাশ করেন।নৌপরিবহনমন্ত্রী বলেন, বন্দর এলাকায় অবৈধভাবে নির্মিত সব স্থাপনা উচ্ছেদ করা হবে। ইতিমধ্যে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হয়েছে। অবৈধ স্থাপনার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। বরিশাল নৌবন্দরের কাজে ধীর গতি এবং দরপত্র অনুযায়ী কাজ না হওয়ায় নৌপরিবহনমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে এক মাসের মধ্যে সব ত্রুটি সংশোধন করে কাজের গতি বাড়ানোর নির্দেশ দেন। মন্ত্রী বলেন, আগামী ঈদের আগে বন্দরের সব কাজ শেষ করতে হবে, যাতে যাত্রীরা স্বাচ্ছন্দ্য বন্দর ব্যবহার করতে পারে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বরিশালের নৌ কারখানাটি পরিত্যক্ত অবস্থা পড়ে রয়েছে। আমরা ওখানে একটি অত্যাধুনিক মেরিন একাডেমি গড়ে তুলব। আপাতত এখানকার নতুন ও পুরাতন ভবন সংস্কার করে মেরিন একাডেমির শিক্ষাবর্ষ শুরু হবে। একইভাবে নারায়ণগঞ্জের অনুরূপ একটি ডেক অ্যান্ড ইঞ্জিন পার্সনাল ট্রেনিং সেন্টার (বিপিটিসি) স্থাপন করা হবে।’