বরিশালে কর্মসৃজন কর্মসূচির নামে গত বছর বরাদ্দ করা ৫০ কোটি টাকার কাজ নিয়ে অভিযোগ ওঠার পর আবারও ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ওই বরাদ্দের চিঠি প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। চিঠিতে ১০ থেকে ১৪ অক্টোবরের মধ্যে কাজ শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে। তবে কাজ শুরু করতে এক মাস সময় বাড়ানোর অনুরোধ করা হয়েছে।জানা যায়, ২০০৯ সালের নভেম্বরে বরিশাল বিভাগের ঝালকাঠি জেলা বাদ দিয়ে কর্মসৃজন কর্মসূচির আওতায় ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়। বরাদ্দকৃত ওই অর্থ নিয়ে নানা অনিয়মের অভিযোগ ওঠে। দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠায় দু-একটি উপজেলার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশও দেয় কর্তৃপক্ষ। এসব অভিযোগের রেশ কাটতে না কাটতেই সরকার আবারও ৫০ কোটি টাকা বরাদ্দ করে। তবে এ বছর ঝালকাঠি জেলাকে এর আওতায় নিয়ে আসা হয়।বরিশাল জেলার জন্য ওই সময় বরাদ্দ ছিল ১৯ কোটি ৪৯ লাখ চার হাজার টাকা। এবার কমিয়ে এনে বরাদ্দ দেওয়া হয়েছে ১৩ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকা। একইভাবে পটুয়াখালী জেলায় ১৭ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকার বিপরীতে এ বছর বরাদ্দ করা হয়েছে ১০ কোটি টাকা।অন্যদিকে, ভোলা জেলার জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। চার কোটি পাঁচ লাখ ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে এ বছর বরাদ্দ করা হয়েছে সাত কোটি টাকা। বরগুনা জেলার জন্য বরাদ্দ হয়েছে ছয় কোটি টাকা। পিরোজপুরের জন্য এক কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে দুই কোটি ৬২ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। ঝালকাঠি জেলার জন্য বরাদ্দ করা হয়েছে দুই কোটি ৪৮ লাখ ৬৮ হাজার টাকা।বরিশাল ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা যায়, গত বছর বরাদ্দ ৫০ কোটি টাকার মধ্যে তিন কোটি টাকা অনিয়মের অভিযোগে ফেরত পাঠানো হয়েছে। জেলার মধ্যে এ বছরও বরিশাল সদর উপজেলায় বরাদ্দ সবচেয়ে বেশি হয়েছে। সদর উপজেলার জন্য বরাদ্দ হয়েছে তিন কোটি ৩৮ লাখ ৬০ হাজার টাকা।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা চিত্তরঞ্জন অধিকারী প্রথম আলোকে বলেন, এ বছর সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। তার পরও এ ব্যাপারে করণীয় নির্ধারণের জন্য ১০ অক্টোবর স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে বৈঠক করা হয়েছে। ওই বৈঠক থেকে কাজ শুরু করার জন্য আরও এক মাস সময় বাড়ানোর অনুরোধ করা হয়েছে।বরিশাল সদর উপজেলা সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে ইতিমধ্যে উপজেলা কমিটি করা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর কর্মসূচি বাস্তবায়নের জন্য ইউপি চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেছে ওই কমিটি। একইভাবে ইউনিয়ন পর্যায়েও একটি কমিটি গঠন করা হয়। এ জন্য ইউনিয়নের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠক করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজা মিয়া প্রথম আলোকে বলেন, ‘বরিশাল সদর উপজেলায় তিন কোটি ৩৮ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। বরাদ্দপত্র পাওয়ার পরই আমরা কাজ শুরু করেছি। এ বছর কর্মসৃজন কর্মসূচিতে কিছু পরিবর্তন আনয়ন ও অনিয়মের সুযোগও কম থাকবে। এ বছর কার্ডধারীদের ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করতে হবে। প্রত্যেক কার্ডধারী ১০০ টাকার পরিবর্তে ১৫০ টাকা করে পাবেন। সপ্তাহের শনি থেকে বুধ পাঁচ দিন সাত ঘণ্টা করে শ্রম দিতে হবে।’এ ব্যাপারে সদর উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস প্রথম আলোকে বলেন, ‘আবারও কর্মসৃজন কর্মসূচির জন্য অর্থ বরাদ্দ হয়েছে। এটি একটি রাজনৈতিক কর্মসূচি। বরাদ্দের বিষয়ে আমাদের কিছুই করার নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে আমাকে রাখা হয়েছে উপদেষ্টা হিসেবে। ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়ায় কিছু গরিব লোক অর্থ পাবে বলে মনে হয়। এখানে আমাদের কোনো উপদেশ কাজে আসবে না।’