বরিশালে কলেজে ছাত্রলীগের হামলা ও ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কর্মীরা বরিশালের সৈয়দ হাতেম আলী কলেজে ‘নবীন বরণ অনুষ্ঠানের’ দাবিতে বিক্ষোভ মিছিলের পর কলেজের জানালা ও আসবাবপত্র ভাঙচুর করেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এই ঘটনা ঘটে। এ ঘটনার পর কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।শিক্ষক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কলেজ ছাত্রলীগের দাবি কয়েক বছর ধরে নবীন বরণ অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না। এবারও সাধারণ ছাত্ররা নবীন বরণের দাবি জানালে অধ্যক্ষসহ শিক্ষকেরা টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে ২৪ থেকে ২৭ মার্চের মধ্যে নবীন বরণ হবে আশ্বাস দিলেও পরে তা বাতিল করা হয়। এ ব্যাপারে অধ্যক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং প্রশাসনিক ভবন ও অধ্যক্ষকে তালাবদ্ধ করে রাখে। এ সময় তাঁরা প্রশাসনিক ভবনের জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। ঘটনার দুই ঘণ্টা পর তালা খুলে শিক্ষকদের সঙ্গে সমঝোতা বৈঠকে বসে জেলা ও মহানগর ছাত্রলীগ।কলেজ ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম প্রথম আলোকে জানান, কলেজে কয়েক বছর ধরে নবীন বরণ অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না। এ বছরও তাঁরা দাবি জানালে শিক্ষকেরা টালবাহানা করতে থাকেন। তা ছাড়া ভর্তির সময় অতিরিক্ত অর্থ আদায়, সেমিনার কক্ষ না থাকা, অর্থ আত্মসাত্ এবং ছাত্রসংসদ নির্বাচন না দেওয়ায় সাধারণ ছাত্ররা এর প্রতিবাদ জানিয়ে ভাঙচুর করেন এবং প্রশাসনিক ভবনে তালা দেন।