বরিশালে ছাত্রদলের দুই পক্ষের পাল্টা কর্মসূচি, গ্রেপ্তার ১০
বরিশাল শহরে ছাত্রদলের দুই পক্ষ গতকাল শনিবার পাল্টাপাল্টি কর্মসূচি পালনের চেষ্টা করেছে। এ সময় পুলিশের বাধায় তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করলেও পরে তাঁরা জামিনে মুক্তি পান।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মহানগর ছাত্রদল সম্পাদক জি এম আতায়ে রাব্বী, সহসভাপতি আফরোজা খানম, সদস্য বাসির হোসেন, ১ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি নওশের আলম, মাহমুদুল হাসান, নাঈম, ইমতিয়াজ হোসেন, শাহরিয়ার ইসলাম, হাসান ও কালু।স্থানীয় সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খানের বিরুদ্ধে মহানগর ছাত্রদলের সহসভাপতি আফরোজা খানম গত শুক্রবার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে তিনি অভিযোগ করেন, নজরুল ইসলাম খান গত বৃহস্পতিবার তাঁকে মুঠোফোনে অশালীন ভাষায় গালিগালাজ করেন।আফরোজা খানমের সমর্থনে ছাত্রদলের এক পক্ষ গতকাল বেলা ১১টার দিকে জেলা কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশি বাধা উপেক্ষা করে কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে আফরোজা খানমসহ কয়েকজনকে আটক করা হয়।এদিকে নজরুল ইসলাম খানের সমর্থকেরা আফরোজা খানমের জিডিকে মিথ্যা দাবি করে অশ্বিনীকুমার হল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় জি এম আতায়ে রাব্বীসহ কয়েকজনকে পুলিশ আটক করে।প্রসঙ্গত, বরিশাল জেলা ও মহানগর বিএনপির কমিটি গঠন নিয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি সাংসদ মজিবর রহমান সারোয়ার এবং মহানগর কমিটির সাবেক সভাপতি আহসান হাবিবের মধ্যে বেশ কিছু দিন ধরে বিরোধ চলছিল। তাঁদের ওই দ্বন্দ্বের জেরে বিএনপি ও ছাত্রদল দুই অংশে বিভক্ত হয়ে পড়ে। বিএনপির একটি সূত্রে জানা গেছে, মহানগর বিএনপির কোন্দলের জেরেই ছাত্রদলের দুই পক্ষ এ ধরনের কর্মসূচি দেয়।কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) কমলেশ চন্দ্র হালদার বলেন, অনুমতি না নিয়ে কর্মসূচি পালনের চেষ্টা করায় তাঁদের বাধা দেওয়া হয়েছে। ওই ১০ জনকে ৫৯ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাঁদের জামিনে মুক্তির আদেশ দেন।