বরিশালে ছাত্রদলের ২ গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১০ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল জেলা ও মহানগর বিএনপির দ্বন্দ্বের কারণে ছাত্রদলের দুটি গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় পুলিশ ছাত্রদলের ১০জন নেতা-কর্মীকে আটক করেছে।আটক হওয়া নেতা-কর্মীরা হলেন, বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জি এম আতায়ে রাব্বী, সহসভাপতি মোসা. আফরোজা খানম, বাসির হোসেন, মো. নওশের আলম, মাহমুদুল হাসান, নাঈম, কালু, ইমতিয়াজ হোসেন, হাসান ও শাহরিয়ার ইসলাম।প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও পুলিশ জানায়, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খান ওরফে রাজন গত ১৬ সেপ্টেম্বর মহানগর ছাত্রদলের সহসভাপতি আফরোজা খানমকে গালাগাল দেন। ওই ঘটনার প্রতিবাদে সাংসদ মজিবর রহমান সরোয়ারের সমর্থিত ছাত্রদলের নেতা-কর্মীরা আজ বেলা ১১টার দিকে জেলা কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বাধা দেয়। বাধা না মেনে কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয় এবং সেখান থেকে মহানগর ছাত্রদলের সহসভাপতি আফরোজা খানমসহ কয়েকজনকে আটক করে। একই সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কামালের সমর্থক ছাত্রদলের নেতা-কর্মীরা কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খানের বিরুদ্ধে থানায় জিডি করার প্রতিবাদে অশ্বিনীকুমার হল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। পুলিশ তাঁদের মিছিল করতে বাধা দেয়। পরে মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে তা ছত্রভঙ্গ করে দেয় এবং সেখান থেকে মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জি. এম আতায়ে রাব্বীসহ কয়েকজনকে আটক করে।এ ব্যাপারে সাংসদ সরোয়ার সমর্থিত ছাত্রদলের বরিশাল জেলার যুগ্ম সম্পাদক হাফিজউদ্দিন আহম্মেদ বাবলু প্রথম আলোকে বলেন, ‘ছাত্রদলের নেত্রীকে হুমকি ও তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার প্রতিবাদে আমরা মানববন্ধন করতে গেলে পুলিশ তাতে বাধা দেয় এবং লাঠিপেটা করে। তারা সেখান থেকে আমাদের নেতা-কর্মীদের আটক করে নিয়ে যায়।’আহসান হাবিব কামালের সমর্থিত মহানগর ছাত্রদলের সহসভাপতি খান মো. আনোয়ার বলেন, ‘কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম রাজনের বিরুদ্ধে মিথ্যা ডায়েরি করার প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে লাঠিচার্জ করে এবং বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে।’এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক (এসআই) কমলেশ চন্দ্র হালদার জানান, পুলিশের অনুমতি ছাড়া মানববন্ধন ও বিক্ষাভ মিছিল বের করার অপরাধে পুলিশ ছাত্রদলের ১০ জন নেতা-কর্মীকে আটক করেছে।