বরিশালে টেক্সটাইল কলেজে ছাত্র-পুলিশ সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আজ বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থী-পুলিশের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে চারজন পুলিশসহ ২৫ থেকে ৩০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রচুর কাঁদানে গ্যাসের শেল ও শটগান থেকে ফাঁকা গুলি চালিয়েছে।প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, ডিপ্লোমা কোর্স অব্যাহত রাখা এবং বিএসসি কোর্সে ৩০ ভাগ কোটা বহাল রাখার দাবিতে আজ সকাল নয়টার দিকে একদল শিক্ষার্থী কলেজ গেটে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা বিভিন্ন সেমিস্টারে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের কলেজে ঢুকতে বাধা দেয়। একপর্যায়ে তারা কলেজের পাশে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশ তাদেরকে ক্যাম্পাসে চলে যেতে বললে তারা সেখানে গিয়েও বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষুব্ধরা আবার সড়কে যেতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া চলে। পুলিশ ১২ শিক্ষার্থীকে আটক করে। সংঘর্ষে পুলিশের একজন উপপরিদর্শক ও তিনজন কনস্টেবলসহ ২৫ থেকে ৩০ জন আহত হয়েছে।বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের কটন স্পিনিং ভবন, জুট স্পিনিং শেড ও একাডেমিক ভবনে ব্যাপক ভাঙচুর চালায়।বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। তবে ক্যাম্পাসে এখনো উত্তেজনা বিরাজ করছে। কলেজে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভের কারণে আজ কলেজে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।কলেজের অধ্যক্ষ আবদুস সাত্তার শিকদার বলেন, একই সঙ্গে ডিপ্লোমা ও বিএসসি কোর্স চালু রাখা সম্ভব নয়। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে গতকাল বৈঠক করা হয়েছিল। তাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। গতকাল শিক্ষার্থীরা কোনো আন্দোলন না করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারা আজ হঠাত্ বিক্ষোভ শুরু করে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিক্ষুব্ধ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আমরা যথেষ্ট চেষ্টা করি। তারা পুলিশের ওপর আক্রমণ ও ভাঙচুর চালালে আমরা অ্যাকশনে যাই। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।’ শেষ খবর পাওয়া পর্যন্ত অধ্যক্ষের সভাপতিত্বে কলেজের একাডেমিক কাউন্সিলের বৈঠক চলছিল।