বরিশালে ট্রলারডুবিতে ২ শিশুসহ নিহত ৫, নিখোঁজ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের মেহেন্দীগঞ্জে গতকাল রোববার রাতে একটি ট্রলার ডুবে গেলে দুই শিশুসহ অন্তত পাঁচ ব্যক্তি নিহত হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও তিনজন। ট্রলারডুবিতে নিহত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁরা হচ্ছেন আয়েশা খাতুন (৬৫), হাশেম বেপারি (৭৫), খায়রুন্নেছা (৭০), ছয় মাসের শিশু জুয়েল ও ১১ মাসের শিশু আছিয়া বেগম। ট্রলারের বেঁচে যাওয়া যাত্রীরা জানায়, গতকাল রাত সাড়ে সাতটার দিকে মেহেন্দীগঞ্জ উপজেলা থেকে ২৫ জন যাত্রী নিয়ে চর শেফালীতে যাওয়ার পথে ট্রলারটি মাছকাটা নদী, আইরখালী নদী ও গজারিয়া নদীর মোহনায় ডুবে যায়। এ সময় ১৭ জন যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও বাকি আটজন ডুবে যায়। মেহেন্দীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদরুল হক জানান, স্থানীয় লোকজন পাঁচটি লাশ উদ্ধার করে। ডুবে যাওয়া বাকি তিনজন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। বরিশালের বিভাগীয় কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ সোমবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।