বরিশালে পরিবহনশ্রমিকদের সঙ্গে র‌্যাব-পুলিশের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শহরের নথুল্লাবাদে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গতকাল মঙ্গলবার পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বেলা সাড়ে ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত হওয়া দফায় দফায় সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ও হামলায় পুলিশ, সাংবাদিক ও শ্রমিকসহ অর্ধশত লোক আহত হয়েছে। আটক করা হয়েছে ২৫ জনকে। ঘটনার সূত্রপাত: পরিবেশ অধিদপ্তর বরিশাল কার্যালয় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নগরের নথুল্লাবাদ বাস টার্মিনাল-সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পরিবেশদূষণকারী গাড়ি আটকসহ জরিমানা আদায় করে। এ সময় অন্তত সাতটি গাড়ি আটক, জরিমানা আদায়, চালক ও সহকারীদের বেঁধে রাখা হয় এবং কান ধরে ওঠবস করানো হয়। নথুল্লাবাদ বাসশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহ আলম ও কয়েকজন শ্রমিক ঘটনাস্থলে গিয়ে এর প্রতিবাদ জানায়। একপর্যায়ে শ্রমিকেরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন। ওই সময় পুলিশ শ্রমিকদের লাঠিপেটা করে সরিয়ে দেয়।এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে মিছিল বের করলে তাঁদের বাধা দেয় পুলিশ ও র‌্যাব। পুলিশের লাঠিপেটায় শ্রমিকনেতা শাহ আলম আহত হন। সঙ্গে সঙ্গে শ্রমিকেরা র‌্যাব-পুলিশের ওপর হামলা চালায়। র‌্যাব ও পুলিশ শ্রমিকদের এলোপাতাড়ি পিটিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এর কিছুক্ষণ পর নথুল্লাবাদ বাসশ্রমিক ইউনিয়ন ও জেলা শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেনের নেতৃত্বে কয়েক শ শ্রমিক র‌্যাব ও পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে। শ্রমিকেরা তিন দিকের সড়কের ওপর গাড়ি রেখে সড়ক অবরোধ এবং রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শ্রমিকেরা চড়াও হন পুলিশসহ সাংবাদিকদের ওপর। একপর্যায়ে তাঁরা স্থানীয় দৈনিক মতবাদ-এর ফটোসাংবাদিক ফারুক লিটুকে মারধর করেন এবং তাঁর কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেন। এ সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও কনস্টেবল নান্নু মিয়াকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়।পরিবেশ অধিদপ্তরের বরিশালের উপপরিচালক মো. আসাদুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামানের নেতৃত্বে নগরের কাশিপুর এলাকায় অভিযান চালাই। এ সময় গাড়ির কালো ধোঁয়া ও পরিবেশসম্মত না হওয়ায় কয়েকটি গাড়ির চালককে জরিমানা এবং কয়েকজনকে আটক করা হয়। মদিনা পরিবহনের দুটি গাড়ি আটক করার পর শ্রমিকেরা ওই গাড়ি ছেড়ে দিতে বলেন। পরবর্তী ঘটনা আমরা সঠিকভাবে কিছু বুঝে উঠতে পারিনি।’বরিশাল মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ক্রাইম ও ট্রাফিক) মো. এজাজ আহম্মেদ জানান, পরিবেশ অধিদপ্তর চেকপোস্ট বসিয়ে অভিযান চালালে শ্রমিকেরা বেপরোয়া আন্দোলন শুরু করেন এবং পুলিশের ওপর চড়াও হন। তাঁদের হামলায় ১৫ জন পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও শটগানের গুলি চালায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।শ্রমিকনেতা আফতাব হোসেন প্রথম আলোকে বলেন, ‘আজকের ঘটনার জন্য র‌্যাব ও পুলিশ দায়ী। এটি তাদের সাজানো নাটক। তারা আমাদের অনেক গাড়ি থেকে জরিমানার নামে গাড়ি আটক, চালক হেলপারদের পিঠমোড়া করে বেঁধে রাখে এবং কান ধরে ওঠবস করায়। শ্রমিকেরা এর প্রতিবাদ করেন। সেখানে আমাদের ওপর নির্বিচারে লাঠিপেটা করে ২০-২৫ জনকে আহত করেছে এবং আটক করেছে অনেক শ্রমিককে।’ বরিশাল বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এদিকে পুলিশ ও সাংবাদিকদের ওপর শ্রমিকদের হামলার প্রতিবাদে মহানগর আওয়ামী লীগের ১৯, ২২, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীরা গতকাল রাতে শহরে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলে শ্রমিকনেতা আফতাব হোসেনের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।