বরিশালে পালিত হয়েছে রবীন্দ্র-নজরুলজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান, মুসলিম তাহার নয়নমণি হিন্দু তাহার প্রাণ’ যুগলবন্ধনে চলার এই মহামন্ত্র নিয়ে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ বরিশাল জেলা শাখা বর্ণাঢ্য আয়োজনে পালন করেছে রবীন্দ্র ও নজরুলজয়ন্তী। ধরণীকে নির্মল ও পাপমুক্ত করতে সমবেত কণ্ঠে ধ্বনিত হয় আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে...। ২৮ মে নগরের সরকারি বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে ওই আয়োজনের সূচনা করেন প্রবীণ নাট্যজন এস আলী মোহাম্মদ ও নিখিল সেন।রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সহসভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি নজরুল ইসলামের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, মোখলেসুর রহমান, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার পাল, খেলাঘরের সভাপতি জীবন কৃষ্ণ দে, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক শামীমা মাসউদ মুন্নী প্রমুখ। বক্তারা বলেন, আমাদের জাতীয় জীবনে এবং বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুল এক ও অভিন্ন সত্তা। একজন ছাড়া অন্যজন অসম্পূর্ণ। এ যেন ‘একই বৃন্তে দুটি কুসুম..’। বাঙালি জাগরণে রবীন্দ্রনাথ এবং নজরুলই আমাদের প্রেরণা জুগিয়েছে।পরে পরিবেশিত হয় রবীন্দ্রনাথ-নজরুলের বিভিন্ন গানের সঙ্গে নৃত্য ও আবৃত্তি। সংগীত পরিবেশন করেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পী এবং বরিশালের প্রতিষ্ঠিত শিল্পীরা।