বরিশালে পাসের হার কমছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় ক্রমাগত পাসের হার কমছে। এবার সব কটি বোর্ডের মধ্যে বরিশালে সর্বনিম্ন ৬৬ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গত বছর পাসের হার ছিল ৭১ দশমিক ১২ শতাংশ। ২০১০ সালে ছিল ৭৪ দশমিক ৩৪ শতাংশ। পাসের হার ক্রমাগত কমলেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এ বছর জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৮৯৫ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন এক হাজার ৩১০ জন। ২০১০ সালে পেয়েছিলেন এক হাজার ৪৫৭ জন। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শাহ আলমগীর বলেন, ‘আমাদের ধারণা, নির্বাচনী পরীক্ষায় শিথিলতা দেওয়ায়, বিশেষ করে এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ায় ফলাফলে কিছুটা প্রভাব পড়েছে। কিন্তু সার্বিকভাবে বোর্ডের ফলাফল ভালো।’ বোর্ড সূত্রে জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষায় ৪২ হাজার ১৯ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ২৮ হাজার ১৪৪ জন শিক্ষার্থী সব বিষয়ে পাস করেছেন। ছেলেদের পাসের হার ৬৭ দশমিক ৩২, মেয়েদের ৬৬ দশমিক ৬২ শতাংশ। তবে জিপিএ-৫ বেশি পেয়েছেন মেয়েরা, এক হাজার দুই জন। ছেলেদের মধ্যে ৮৯৩ জন জিপিএ-৫ পেয়েছেন। এবার ২৫৬টি কলেজের শিক্ষার্থী পরীক্ষা দেন। এর মধ্যে তিনটি কলেজের পাসের হার শূন্য। অন্যদিকে পাঁচটি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। প্রতিষ্ঠানগুলো হচ্ছে: বরিশাল ক্যাডেট কলেজ (প্রথম), পটুয়াখালী সদরের মৌকরণ বিএলপি ডিগ্রি কলেজ (ষষ্ঠ), পাজাখালী ডিগ্রি কলেজ, বরিশাল নগরের রয়েল সেন্ট্রাল কলেজ ও পিরোজপুরের পাড়েরহাট কলেজ। পাসের হার কমার কারণ: বোর্ডের সেরা ২০ তালিকায় দ্বিতীয় অমৃতলাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তপংকর চক্রবর্তী বলেন, ‘কিছু কিছু কলেজ নির্বাচনী পরীক্ষায় সব বিষয়ে পাস না করলেও শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেয়। তাদের কারণে পাসের হার কমতে পারে।’বোর্ডে তৃতীয় বরিশাল সদরের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ এম ফজলুল হক মনে করেন, দু-একটি পরীক্ষার প্রশ্নপত্র খারাপ হওয়ায় সার্বিকভাবে মফস্বলের কলেজগুলো পিছিয়ে পড়েছে। বরিশালের বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক যুগ্ম সচিব এম মোয়াজ্জেম হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বোর্ডের যথাযথ মনিটরিং না থাকায় পাসের হার কমতে পারে।বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বলেন, ‘সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া, মনিটরিং জোরদার থাকা এবং পরীক্ষায় যেকোনো সময়ের চেয়ে কড়াকড়ি আরোপ করায় কিছুটা ফলাফলের ওপর প্রভাব পড়েছে। তবে আগামীতে আরও ভালো ফল আসবে।’