বরিশালে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা দুই পাইলট ঘটনাস্থলেই নিহত হন। আজ সোমবার দুপুর দুইটা ১০ মিনিটের দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বিমানবন্দরের সীমানা প্রাচীরের বাইরে ক্ষুদ্রকাঠি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি তদন্ত দল গঠন করা হয়েছে বলে জানান বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান ।নিহত ব্যক্তিরা হলেন পাইলট স্কোয়াড্রন লিডার মাহমুদুল হক এবং স্কোয়াড্রন লিডার আশরাফ ইবনে আহমেদ। যশোর সেনানিবাসের উইং কমান্ডার মো. নুরুল ইসলাম নিহত পাইলটদের নাম নিশ্চিত করেন। বিকেল পাঁচটায় নিহত দুই পাইলটের দেহ একটি কার্গো বিমানে করে ঢাকায় নেওয়া হয়।এদিকে বিমানবাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনার কোনো কারণ জানাতে পারেননি কর্মকর্তারা। তবে বড় ধরনের কোনো সমস্যার কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাঁদের। জানা যায়, যশোর মতিউর রহমান বিমানঘাঁটি থেকে পিটি-৬-৩৫১০ প্রশিক্ষণ বিমানটি দুপুর একটার দিকে বরিশালের উদ্দেশে রওনা হয়। দুপুর দেড়টা নাগাদ সেটি বরিশালের রহমতপুর বিমানবন্দরের আকাশে পৌঁছে প্রশিক্ষণ মহড়া দেয়। প্রায় ৩০ মিনিট মহড়া দেওয়ার পর বিমানটি ওপরের দিকে উঠে যায়। এর পরই হঠাৎ প্রচণ্ড গতিতে নিচের দিকে পড়ে যায়।বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুপুর দেড়টার সময় দুটি বিমান বরিশালে আসে। তারা বেশ কিছু সময় মহড়া দেয়। এর মধ্যে একটি বিমান চলে যায়। এর কিছুক্ষণ পর অন্য বিমানটি হঠাৎ দুর্ঘটনাকবিলত হয়।এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, ‘বড় ধরনের কোনো সমস্যার কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণ বিমানের সঙ্গে সব সময় আমাদের যোগাযোগ থাকে এবং ছিল। দুর্ঘটনাকবলিত বিমানটির সঙ্গে দুর্ঘটনার কিছুক্ষণ আগে থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।’