বরিশালে বাসচাপায় দুই যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়র নাইট উপভোগ করতে টমটম নিয়ে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানের উদ্দেশে রওনা হয়েছিল নাহিদ শরীফ (১৮) ও রবিন খান (১৭)। কিন্তু অনুষ্ঠানে আর যাওয়া হলো না তাদের। সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তরুণ দুটি প্রাণ। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটায় ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর এলাকার শহীদ আবদুর রব সেরনিয়াবাত শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাসটি আটক করেছে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরিশাল সিটি করপোরেশন আয়োজিত মেয়র নাইট দেখতে যাচ্ছিল নাহিদ ও রবিন। ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর এলাকার ওই কেন্দ্রের সামনে পৌঁছানোর পর বরগুনা থেকে ঢাকাগামী মেঘনা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রবিনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী এক ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বরিশাল মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। তবে, পরিবারের পক্ষ থেকে মামলা না করা হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে জানান ওসি।