বরিশালে বাসচাপায় শিশু নিহত, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-পটুয়াখালী সড়কে যাত্রীবাহী বাসের চাপায় সিয়াম নামের ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা দুপুর ১২টা থেকে প্রায় তিন ঘণ্টা বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ করে রাখে।সিয়াম বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠী ভরপাশা ইউনিয়নের বাসিন্দা আবদুল সোবাহান মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সড়কের বাকেরগঞ্জ উপজেলার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বাকেরগঞ্জ থানা পুলিশ জানায়, সাড়ে ১১টার দিকে মা-বাবার সঙ্গে সিয়াম ওই সড়কের ফুটপাত দিয়ে হেঁটে একই এলাকায় তার ফুফু বাড়ি যাচ্ছিল। এ সময় ওই এলাকায় বরগুনা থেকে বরিশালগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিয়াম মারা যায়।পরে বিক্ষুব্ধ জনতা চালককে আটকসহ সেখানে গতিরোধক নির্মাণের দাবিতে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও বাস মালিক সমিতির সঙ্গে আলোচনা করার পর এলাকাবাসী অরবোধ তুলে নেয়।বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার প্রথম আলো অনলাইনকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত করে ময়না তদন্ত ছাড়া লাশ নিয়ে গেছে পরিবার।