বরিশালে বিএনপিতে সরোয়ার-কামাল দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক বছর ধরে বরিশাল জেলা ও মহানগর বিএনপি কার্যত দুই ভাগে বিভক্ত। পাল্টাপাল্টি কমিটি গঠন ও বক্তব্য-বিবৃতির মধ্য দিয়ে জেলা ও মহানগর বিএনপির কর্মীরা দুই নেতার পক্ষে বিভক্ত।খোঁজ নিয়ে জানা যায়, বরিশালে বিএনপিতে মজিবর রহমান সরোয়ারের উত্থানের পর এখন পর্যন্ত নতুন নেতৃত্ব গড়ে ওঠেনি। বরিশাল জেলা ও মহানগর কমিটি এবং এর অঙ্গসংগঠন আধিপত্য বিস্তার করে ক্ষমতাকে একক নিয়ন্ত্রণে রেখেছেন তিনি। মহানর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আহসান হাবিব কামাল দলে একটা অবস্থান তৈরি করতে সক্ষম হলেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে বরিশাল সিটি করপোরেশনে নির্বাচন করায় দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়। ফলে তাঁর ক্ষমতা আর স্থায়ী হতে পারেনি।তবে দলের বাইরে থাকা অবস্থায় কামাল মূল দলে ফেরার সুযোগ খুঁজতে থাকেন। একপর্যায়ে দলের হাই কমান্ড তাঁকে দলে আসার সুযোগ করে দেয়। দলে এসেই কামাল বেপরোয়া হয়ে ওঠেন এবং সরোয়ারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন। এরপর থেকে তাঁরা দুজনই আলাদাভাবে দলের কর্মসূচি পালন করতে থাকেন।২০০৩ সালে সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়। তবে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় নির্বাচনের পর কামালের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ার পর মূল প্রতিরোধ শুরু হয়। গত বছর ২৫ জুন সরোয়ার গ্রুপের ডাকা সভা পণ্ড করে দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় কামালের প্রতিরোধ। ৫ জুলাই সরোয়ার গ্রুপের ডাকা সংবাদ সম্মেলনে হামলা চালানো হয়। ১৬ আগস্ট ডাকা সভা প্রত্যাখ্যান করে বিবৃতি দেয় কামালের সমর্থকেরা। ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আলাদাভাবে পালন করে দুই পক্ষ। ১ অক্টোবর বিএনপির ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দুই পক্ষ মুখোমুখি হয়। এরই ধারাবাহিকতায় দুই পক্ষই ৮ অক্টোবর পাল্টাপাল্টি কমিটি গঠন করে কেন্দ্রে পাঠায়।এরপর ২৯ অক্টোবর দুই নেতা সব বিরোধ ভুলে এক মঞ্চে ঐক্যবদ্ধভাবে দলের কর্মসূচি পরিচালনার ঘোষণা দেন। কিন্তু বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সভাকে কেন্দ্র করে আবারও দুই পক্ষ বিরোধী অবস্থানে দাঁড়ায়। গত ২৫ ফেব্রুয়ারি ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই নেতার কর্মী-সমর্থকেরা অনুষ্ঠানস্থলে আধিপত্য বিস্তারের চেষ্টা চালায় এবং দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলাও হয়েছে। বরিশালে উপস্থিত কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে।এ ব্যাপারে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, ‘দায়িত্বশীল নেতা হিসেবে সরোয়ারের ওপর এর দায় অনেক বেশি। জেলা ও মহানগর বিএনপি এখন একক নেতৃত্বকেন্দ্রিক। আমরা এ ধারার অবসান চাই। এ কারণেই দলের মধ্যে দুটি ধারা বিরাজ করছে। এসব জটিলতা সৃষ্টির মূলে রয়েছেন সরোয়ার।’মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বিলকিস জাহান বলেন, ‘দলের মধ্যে গ্রুপিং নয় আসলে পদের গ্রুপিং আছে। বরিশালে বিএনপির রাজনীতিতে ব্যালেন্স আনার জন্য ম্যাডাম খালেদা জিয়া আহসান হাবিব কামালকে দলে এনেছেন। দীর্ঘদিন সরোয়ার ভাইয়ের এককভাবে আধিপত্য ছিল সেখানে কামাল ভাই আসায় কিছুটা সমস্যা হয়েছে।’ এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক সাংসদ মজিবর রহমান সরোয়ার প্রথম আলোকে বলেন, ‘কামাল মূল স্রোতে না থেকে আলাদাভাবে রাজনীতি করতে চায়। ৭ বছর পর দলে ফিরে তাঁর মূল ধারার সঙ্গে থাকা উচিত ছিল। এদের সঙ্গে মনের বিভক্তি থাকাটা স্বাভাবিক। এরা দল পরিবর্তন করে সংস্কারপন্থী হয়েছে কিন্তু একমাত্র আমি আজ পর্যন্ত মূল দলেই আছি।’আহসান হাবিব কামাল প্রথম আলোকে বলেন, ‘আমি দল থেকে বহিষ্কার হয়েছিলাম, আবার দল আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। সরোয়ার সব সময় দলের পক্ষে কাজ না করে নিজের পক্ষে কাজ করে। ক্ষমতার অপব্যবহার করার কারণেই আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। যার যার অবস্থানে থেকে দলীয় কাজ করলে এই সমস্যা হতো না। বরিশাল বিএনপির এখনকার সমস্যার জন্য তিনিই দায়ী।’