বরিশালে বিএনপির কেন্দ্রীয় নেতাকে কুপিয়ে জখম
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খান রাজনকে কুপিয়ে জখম করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক ও মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ারপন্থী নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে নগরের কীর্তনখোলা ফেরিঘাটে এ ঘটনা ঘটে।নজরুলকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে গতকাল মঙ্গলবার তাঁকে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সফর উপলক্ষে গত সোমবার দলের স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহসহ কেন্দ্রীয় অন্য নেতাদের সঙ্গে নজরুল ইসলাম ভোলা সফরে যান। সফর শেষে ওই দিন রাতে তাঁরা বরিশালের উদ্দেশে যাত্রা করেন। রাত পৌনে ১০টার দিকে তাঁদের গাড়িবহর ফেরিতে করে কীর্তনখোলা নদী পার হয়। এ সময় ঘাটে অবস্থানরত মজিবর রহমান সরোয়ারপন্থী নেতা-কর্মীরা স্লোগান দিয়ে হান্নান শাহকে শুভেচ্ছা জানান এবং তাঁদের গাড়ি ফেরি থেকে দ্রুত পার করতে সহায়তা করেন। পরে তাঁরা বরিশালে চলে আসেন। এদিকে গাড়িবহরের শেষের দিকে থাকা একটি গাড়িতে ছিলেন নজরুল ইসলাম। তিনি ফেরি থেকে নামতে গেলে ওই নেতা-কর্মীরা ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এদিকে এ খবর শুনে হাসপাতালে ছুটে যান হান্নান শাহ, সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সাংসদ নাজিমউদ্দিন আলমসহ অন্য নেতা-কর্মীরা।এ সময় হান্নান শাহ বলেন, বরিশাল সার্কিট হাউসে পৌঁছার পর তাঁরা ঘটনাটি জানতে পারেন। এ ঘটনার সঙ্গে যে-ই জড়িত থাক না কেন, তাঁদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, সরোয়ারপন্থী কর্মী জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ হাসান, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, ফিরোজ খান ও সোহেল রাঢ়ীর নেতৃত্বে ওই হামলা চালানো হয়।অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ হাসান বলেন, ওই হামলার সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই।বরিশাল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, এ ঘটনায় নজরুলের ভাই শাহজাহান খান মজিবর রহমান সরোয়ারসহ তাঁর অনুসারী ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। জাহিদ নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।উল্লেখ্য, বরিশাল বিএনপির সরোয়ার ও মহানগর বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামাল পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে আসছে। গত বছরের মাঝামাঝি সময় দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভার আগে দুই পক্ষ পৃথকভাবে শক্তি প্রদর্শন (শো ডাউন) করে। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সর্বশেষ সোমবার মহানগর বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিবপন্থী নেতা নজরুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটল।এ ব্যাপারে আহসান হাবিব গতকাল প্রথম আলোকে বলেন, ‘সরোয়ার তাঁর গুন্ডা বাহিনী দিয়ে হামলা চালিয়ে নজরুল ইসলামকে নির্মমভাবে কুপিয়েছেন। বিষয়টি দলীয় ফোরামে জানানো হয়েছে। সেখানে কোনো ব্যবস্থা না নিলে পরবর্তী সময়ে আমরা পদক্ষেপ নেব।’অভিযোগ অস্বীকার করে সাংসদ মজিবর রহমান সরোয়ার বলেন, ‘রাজনৈতিকভাবে দ্বিধাদ্বন্দ্ব থাকতেই পারে। তাই বলে কোনো একটা ঘটনা ঘটলে আমার ওপর দোষ চাপানো দুঃখজনক। আমি এ ঘটনার নিন্দা জানিয়েছি এবং হান্নান শাহর কাছে তদন্তের দাবি জানিয়েছি।’এ ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলে আহসান হাবিবপন্থী নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সমাবেশে তাঁরা নজরুলের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন।