বরিশালে বিএনপির তিনটি মিছিলে পুলিশের লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির পৃথক তিনটি মিছিলে পুলিশ লাঠিপেটা ও টিয়ার শেল নিক্ষেপ করেছে। এতে আহত হয়েছেন আটজন। পুলিশ এ ঘটনায় চারজনকে আটক করেছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি, তারেক জিয়া ও কোকোর মামলার বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা মামলা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা ও মহানগর বিএনপি আজ স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে। কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাদের বাধা দেয় এবং লাঠিপেটা করে বেশ কয়েকজন নেতা কর্মীকে আহত করে।বিএনপি সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ারের সমর্থকেরা নগরের সদর রোডের বিএনপির কার্যালয় চত্বর থেকে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে অগ্রসর হন। মিছিলটি বিবির পুকুর পাড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে মিছিলটি ফজলুল হক এভিনিউ পর্যন্ত গেলে পুলিশ পেছন থেকে লাঠিপেটা শুরু করে। এ সময় পুলিশ সাত-আটটি টিয়ার শেলও নিক্ষেপ করে।কিছুক্ষণ পর মহানগর বিএনপির সাবেক সভাপতি আহসান হাবীব কামালের সমর্থকেরা নগরের অশ্বিনীকুমার হল চত্বরে জড়ো হন। একপর্যায়ে তাঁরা সেখান থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। তখন নেতা-কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।নগরের শহীদ মিনার এলাকা থেকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সমর্থকেরা মিছিল করতে চাইলে পুলিশ সেখানেও বাধা দেয় এবং লাঠিপেটা করে। এ মিছিল থেকে চারজনকে আটক করার খবর পাওয়া গেলেও পুলিশ দুজনকে আটকের কথা স্বীকার করে। এ সময় সদর রোডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল প্রায় আধঘণ্টা বন্ধ থাকে।মজিবর রহমান সরোয়ার প্রথম আলোকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে শুধু স্মরকলিপি দেওয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছিলাম। পুলিশ বিনা উসকানিতে আমাদের ওপর হামলা চালায় এবং টিয়ার শেল নিক্ষেপ করে। এতে আমাদের ৮-১০ জন নেতা-কর্মী আহত হয়েছে।’মডেল থানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, অনুমতিবিহীন মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয় এবং দুজনকে আটক করে ।এ ব্যাপারে সহকারী কমিশনার আবু সালেহ এবং বরিশাল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা পরে কথা বলবেন বলে জানান।