বরিশালে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ
বরিশাল শহরে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের বরিশাল অডিটরিয়ামে আয়োজিত ‘বিএনপির তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সভার ভূমিকা’ শীর্ষক আলোচনা শেষে স্থানীয় একটি রেস্তোরাঁর সামনে ওই সংঘর্ষ হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা আড়াইটার দিকে আলোচনা শেষে সভার প্রধান অতিথি দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতাদের আপ্যায়নের জন্য বান্দ রোড এলাকায় বিএফজি রেস্তোরাঁয় আনা হয়। অতিথিরা রেস্তোরাঁর দোতলায় ঢোকার পর প্রধান ফটক আটকে দিয়ে সেখানে দলের জেলা যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব ওরফে কামালের সমর্থকেরা অবস্থান নেয়। এ সময় দলের জেলা আহ্বায়ক ও সাংসদ মজিবর রহমান সরোয়ারের সমর্থক যুবদলের নেতা সৈয়দ আকবর, শাহেদ আকন, জিয়াউদ্দিন সিকদার, ছাত্রদলের নেতা হাফিজ উদ্দিন আহম্মেদসহ বেশ কয়েকজন নেতা-কর্মী ওই রেস্তোরাঁয় ঢোকার চেষ্টা করলে ফটকে কামালের সমর্থকেরা বাধা দেয়। হাফিজ আহম্মেদকে কামালের সমর্থকেরা লাঞ্ছিত করলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বাধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে কামালের সমর্থক যুবদলের নেতা বদিউজ্জামান আহত হন। তাঁকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একপর্যায়ে মজিবর রহমান তাঁর অনুসারীদের নিবৃত্ত করেন।এ ব্যাপারে আহসান হাবীব বলেন, সরোয়ারের অনুসারীরাই হঠাত্ করে হামলা চালিয়ে কয়েকজন নেতা-কর্মীকে আহত করে।যোগাযোগ করা হলে মজিবর রহমান সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতির জন্য কামালের অনুসারীরা দায়ী।এর আগে সকাল ১০টায় ‘বিএনপির তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সভার ভূমিকা’ শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সরকার ও আওয়ামী লীগ চক্রান্ত করে বিমানবন্দর থেকে জিয়ার নাম মুছে ফেলেছে। বিএনপির তৃণমূল নেতৃত্বই এ হীন চক্রান্তের সময়োচিত জবাব দেবে। সভায় সভাপতিত্ব করেন মজিবর রহমান সরোয়ার।স্বাগত বক্তব্যে সভার প্রধান সমন্বয়ক সেলিমা রহমান বলেন, তারেক রহমানের নেতৃত্বে গড়ে তোলা তৃণমূল নেতাদের আরও সংগঠিত হতে হবে।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার মাহবুব হোসেন, সাবেক মন্ত্রী আলতাফ হোসেন, রুহুল কুদ্দুস তালুকদার, আমানউল্লাহ আমান, শাহজাহান ওমর, হাফিজ ইব্রাহিম, নাজিমউদ্দিন আলম, নজরুল-গবেষক আবদুল হাই সিকদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক গোলাম হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য ইউসুফ হায়দার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, যুবদলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।