বরিশালে বিএনপির মিছিলে কাঁদানে গ্যাস, পুলিশের লাঠিপেটা, আটক ১২
৩০ নভেম্বরের হরতালের সমর্থনে মিছিল করতে বাধা দেওয়ায় বরিশালে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং এরপর কাঁদানে গ্যাসের শেল ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ বিএনপির ১২ জন নেতা-কর্মীকে আটক করেছে বলে জানা গেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে এসব ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতির জন্য সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি নেতা-কর্মীরা নগরের সদর রোডের কার্যালয়ে জমায়েত হচ্ছিল। পুলিশ এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিএনপির নেতা-কর্মীদের কার্যালয় ত্যাগের অনুরোধ জানায়। বিএনপির নেতা-কর্মীরা অনুরোধ উপেক্ষা করে বেলা ১১টার দিকে মিছিল বের করতে চায়। তখন পুলিশের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশ বিএনপির এক কর্মীকে আটক করার চেষ্টা করলে তাকে ছাড়ানোর জন্য পুলিশের সঙ্গে টানাহেঁচড়া চলে। ধস্তাধস্তির একপর্যায়ে বিএনপির কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা শুরু করে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে এবং বিএনপি নেতা-কর্মীরা কিছুটা পিছু হটে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অন্তত ১৫-১৬টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেলে বিএনপির ১০-১২ জন নেতা-কর্মী আহত হয়। পরে পুলিশ সদর রোডসংলগ্ন বিভিন্ন সড়কে ঢুকে কোতোয়ালি থানা বিএনপির দপ্তর সম্পাদক মন্টু খাঁসহ আরও ১২ জন নেতা-কর্মীকে আটক করে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘বিএনপি কোনো অনুমতি ছাড়াই মিছিল বের করতে চায়। আমরা তাদের নিবৃত্ত করতে চেষ্টা করলেও তারা আমাদের অনুরোধ রাখেনি। পরবর্তীকালে আইনশৃঙ্খরা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশ তাদের বাধা দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধ্য হয়ে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।’বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক ও সাংসদ মজিবর রহমান সরোয়ার প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণ অবস্থায় থাকার পরও পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে ১২ জনকে আটক করেছে।