বরিশালে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের উদ্ধারকাজ সম্পন্ন
বরিশাল বিমানবন্দরের রানওয়ের অদূরে বিধ্বস্ত হওয়া বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের ধ্বংসাবশেষ সড়কপথে ঢাকায় নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে উদ্ধারকাজ শুরু হয়। বিমানবাহিনীর উইং কমান্ডার মো. শরীফ মোস্তাকের নেতৃত্বে বিমানবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। এদিকে বিমান বিধ্বস্ত হয়ে স্কোয়াড্রন লিডার আশরাফ ইবনে আহমেদ ও মাহমুদুল হক নিহত হওয়ায় বরিশাল বিমানবন্দর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিমানবাহিনীর ওয়ারেন্ট অফিসার আদিবুর রহমান বাদী হয়ে মঙ্গলবার সকালে এ অপমৃত্যু মামলা (নং-৭) দায়ের করেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার সেকেন্ড অফিসার এসআই আবুল খায়ের জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকালে উদ্ধারকাজ শুরু হয়। পুরো এলাকা ঘিরে রাখেন বিমানবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা। বিধ্বস্ত বিমানটির কিছু অংশ মাটিতে গেড়ে যাওয়ায় মাটি খুঁড়ে তা উদ্ধার করা হয়। দুপুর আড়াইটার দিকে উদ্ধারকাজ শেষ হয়। কোনো আলামত যাতে নষ্ট না হয়, সে জন্য উদ্ধারকাজ চলাকালীন কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। উল্লেখ্য, সোমবার দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠি গ্রামে বরিশাল বিমানবন্দরের উত্তর-পশ্চিম কোণে বিমানবাহিনীর পিটি সিক্স-৩৫১০ টাইপের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুই পাইলট স্কোয়াড্রন লিডার আশরাফ ইবনে আহমেদ ও মাহমুদুল হক। —বাসস