বরিশালে বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের দীর্ঘ লাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরে বৃষ্টি উপেক্ষা করে আজ শনিবার সকাল থেকে সিটি করপোরেশন নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন ভোটাররা। সকাল আটটা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়।সকাল সাতটা থেকেই অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। নির্বাচনকে কেন্দ্র করে নগরজুড়ে চার স্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এতে ব্যাপক উত্সাহ ও উদ্দীপনা নিয়ে ভোট দেন ভোটাররা। সকাল সাড়ে আটটায় নগরের নুড়িয়া স্কুল কেন্দ্রে ভোট দেন মেয়র পদপ্রার্থী শওকত হোসেন। অপর মেয়র পদপ্রার্থী আহসান হাবিব সকাল নয়টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ভোট দেন।মোট ১০০টি ভোটকেন্দ্রে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোট নেওয়া হয়। এই সিটির ৩০টি ওয়ার্ডে মোট ভোটার দুই লাখ ১১ হাজার ২৫৭ জন। এর মধ্যে পুরুষ এক লাখ সাত হাজার ৬২৫ এবং নারী এক লাখ তিন হাজার ৬৩২ জন। মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত শওকত হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন টেলিভিশন প্রতীক নিয়ে। বিএনপি-সমর্থিত আহসান হাবিবের প্রতীক আনারস। দোয়াত-কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহমুদুল হক খান। সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ৪৫ জন ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ১১৬ জন।