বরিশালে বেশির ভাগে উৎসব, উৎসাহে ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটকেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের সারি। বাইরে তালিকা হাতে ভোটার নম্বর দিতে ব্যস্ত প্রার্থীদের কর্মীরা। কেউ চেয়ারে, কেউ বেঞ্চে, আবার কেউ বসেছেন মাদুর বিছিয়ে। আশপাশের এলাকা পোস্টারে সয়লাব। রিকশা, রিকশাভ্যান বা হেঁটে ভোট দিতে আসছেন নানা বয়সী ভোটাররা। বড়দের ভোট উৎসবের আমেজ পেতে আশপাশে ভিড় করেছে শিশু-কিশোরেরা।আট বছর পর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ঘিরে উৎসাহ-উৎসবের আমেজের এমন চিত্র দেখা গেছে গতকাল মঙ্গলবার বরিশালের চার উপজেলায়। ইউপি নির্বাচনের প্রথম পর্যায়ের প্রথম দিনে গতকাল গৌরনদী, বানারীপাড়া, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার ২৭টি ইউপিতে ভোট গ্রহণ হয়। পাঁচটি ছাড়া বাকি কেন্দ্রগুলোতে পরিবেশ ছিল শান্তিপূর্ণ। তবে কোথাও কোথাও ভোট গ্রহণে ছিল ধীরগতি।উজিরপুর, আগৈলঝাড়া ও গৌরনদীর বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, চেয়ারম্যান-মেম্বার-সংরক্ষিত নারী সদস্য নির্বাচন ঘিরে মানুষের মধ্যে উৎসবের আমেজ। সকাল হতে না হতেই নারী-পুরুষ ছুটে যায় ভোটকেন্দ্রের দিকে।সকাল থেকে কেন্দ্রগুলোতে নারী ভোটারদের ছিল দীর্ঘ সারি। অনেককে বুথে প্রবেশের জন্য এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত সারিতে থাকতে হয়েছে। আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের অশোক সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গীতা রানী হালদার, মনিকা হালদার ও ঝর্ণা সরকার সারিতে ছিলেন দীর্ঘক্ষণ। কিরানী রানী এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করে ভোট দেন উজিরপুরের জল্লা ইউনিয়নের মজম কেন্দ্রে। তবে ওই কেন্দ্রের ৫ নম্বর বুথে ছিল ধীরগতি। সকাল ১০টা ৩ মিনিট পর্যন্ত কেন্দ্রটির ৪ নম্বর বুথে ৭২টি ভোট গ্রহণ করা হলেও ৫ নম্বরে গ্রহণ হয় ৪৫ ভোট। এমন ধীরগতির চিত্র পাওয়া গেছে আরও কয়েকটি কেন্দ্রে। শুরুতে পুরুষদের সারি কিছু কম লম্বা হলেও পরে সারিগুলো দীর্ঘ হয়।এসেছিলেন প্রবীণেরাও: ৯০-৯৫ বছর বয়সী নারী-পুরুষও আসেন ভোট দিতে। এঁদের মধ্যে ৯৫-ঊর্ধ্ব আমেনা খাতুন। বাড়ি উজিরপুরের বাশরাইল ইউনিয়নের খোলনা গ্রামে। চোখে ভালো দেখতে পান না, কানেও শুনতে পান না। ছেলে মো. রিপন তাঁকে ভোটকেন্দ্রে নিয়ে আসেন। ৯১ ছাড়ানো সাবিত্রী মজুমদারকে জল্লা ইউনিয়নের কারফা কেন্দ্রে নিয়ে আসেন ছেলে সুকান্ত মজুমদার। ওই কেন্দ্রে দেখা হয় ৮৫ বছরের জনার্দন মজুমদারের সঙ্গে। ৯৮ বছরের সরলা রানী অসুস্থতা নিয়েও ভোট দেন অশোক সেন কেন্দ্রে।শঙ্কা থাকলেও শান্তিপূর্ণ ভোট: মজমপুর ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল আলিম বলেন, ‘নির্বাচনের আগের দিন কেন্দ্রে এসেছি। অনেক ভয় ছিল। প্রভাব বিস্তারের একটা আশঙ্কাও করেছিলাম। তবে কিছু ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেকোনো ঘটনা কঠোরভাবে দমনের নির্দেশ দেওয়া হয়েছে।’কারফা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সুকেশ চন্দ্র শিকদার ও বাহেরঘাট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রফিকুল ইসলাম, ষোলক ইউনিয়নের ধামুরা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শ্যামল চন্দ্র দাসও শান্তিপূর্ণ ভোট গ্রহণের কথা জানান। স্থানীয় লোকজন জানান, বিভিন্ন নির্বাচনে এসব এলাকায় নানা অঘটন ঘটলেও এবার পরিস্থিতি অনেক ভালো।সন্তোষ: ভোট চলাকালে ভোটারদের পাশাপাশি পরিবেশ নিয়ে প্রার্থীরাও সন্তোষ প্রকাশ করেন। বাহেরঘাট কেন্দ্রে মেম্বার পদপ্রার্থী প্রকাশ মজুমদার, বিজয়কৃষ্ণ হালদার, আলী হায়দার ও এমদাদুল হক বলেন, ‘আমাদের কোনো সমস্যা নেই। তবে ভয় হচ্ছে ভোট গণনা নিয়ে। এ সময় কঠোর নজরদারি রাখতে হবে।’ একই ইউনিয়নের মজম কেন্দ্রে মেম্বার পদপ্রার্থী মন্টু হাওলাদার, নাসির উদ্দিন হাওলাদার ও সালাম হাওলাদার বলেন, কেন্দ্রে কোনো সমস্যা নেই। তবে নারী প্রার্থীদের ভোট গ্রহণে ধীরগতি দেখা গেছে।কারচুপি, সংঘর্ষ: সরেজমিন ঘুরে গৌরনদীর চাদশী ইউনিয়নের দক্ষিণ গোবরধন ও পশ্চিম শেওরা কেন্দ্রে চেয়ারম্যান পদপ্রার্থী কৃষ্ণকান্ত দের পক্ষে ভোট কারচুপির অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে কেন্দ্র দুটিতে কয়েক দফা উত্তেজনা হয়। কারচুপির অভিযোগ এনে ওই ইউপির অপর দুই চেয়ারম্যান পদপ্রার্থী মো. তাইফুর রহমান ও আলী আকবর মোল্লা সংবাদ সম্মেলন করে কেন্দ্র দুটির নির্বাচন বর্জন করেন।দক্ষিণ গোবরধন কেন্দ্রে পৌঁছার আগেই আশপাশের লোকজন কৃষ্ণকান্তর পক্ষে ভোট কারচুপির অভিযোগ করেন। কেন্দ্রে গিয়ে দেখা যায়, কৃষ্ণকান্তর সমর্থকেরা কেন্দ্র ঘিরে রেখেছেন। অল্প দূরে অপর প্রার্থী আলী আকবর মোল্লা অভিযোগ করেন, ‘এই কেন্দ্রে সকাল আটটায় ভোট গ্রহণের শুরু থেকে দুপুর ১২টা পর্যন্ত কৃষ্ণকান্তর পক্ষে ভোট কেটে দেওয়া হয়েছে। প্রতিবাদ করেও লাভ হয়নি। এরপর আমি ওই কেন্দ্রের ভোট বর্জন করেছি।’অভিযোগ প্রসঙ্গে কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রথম দিকে এ ধরনের দু-একটি ঘটনা ঘটেছিল, তবে পরে তা বন্ধ হয়ে গেছে। ৬০৪ ভোটের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ৪৫০ ভোট গ্রহণ করা হয়েছে।’সকাল সাড়ে ১০টার দিকে বানারীপাড়ার বাইশারী ইউনিয়নের কুসুম কুমারী কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. তাজেম আলীর সমর্থকেরা বিএনপি-সমর্থিত প্রার্থী মাঈনুল হাসান মোহাম্মদ ও তাঁর সমর্থকদের মারধর করেন। অভিযোগ রয়েছে, একপর্যায়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুকের নেতৃত্বে মাঈনুলের সমর্থকেরা তাজেম ও তাঁর সমর্থকদের মারধর করলে শাকিল আহম্মেদ খান ও শাহীন খান আহত হন।শাহীন অভিযোগ করেন, ‘উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে বিএনপি-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা আমাদের বেধড়ক মারধর করে।’তবে উপজেলা চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, ‘শাকিল ও শাহীন কুসুম কুমারী কেন্দ্রে হামলা চালিয়ে পাঁচজনকে গুরুতর আহত করেন। তাঁরা গরবদার কেন্দ্রেও হামলা চালাতে চাইলে মাঈনুলের কর্মী-সমর্থকদের সঙ্গে মারামারি হয়। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। বরং আমি ওই সময় ঘটনাস্থলে না থাকলে আরও ভয়াবহ অবস্থা হতো।’আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন গোলাম ফারুক। মাঈনুল তাঁর ভগ্নিপতি।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট গ্রহণ শুরুর পরপর উজিরপুরের সাতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কার্তিক মণ্ডল রেজি. সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের ওপর হামলা চালান আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী আবদুল খালেক আজাদের সমর্থকেরা। একই দলের সমর্থক অপর দুই প্রার্থী খায়রুল বাসার ও পরিমল বাইনের পক্ষে ভোট পড়ার খবরে চালানো এই হামলায় নারীসহ ৮-১০ জন আহত হন। খবর পেয়ে র্যাবের টহল দল এলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে র্যাব চলে গেলে ওই প্রার্থীর সমর্থকেরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ভোটারদের ধাওয়া করেন। ফলে অনেকেই ভোট না দিয়ে বাড়ি ফিরে যান।