বরিশালে মুক্তিযুদ্ধভিত্তিক বিভাগীয় নাট্যোৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’ শিরোনাম নিয়ে বরিশালে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিভাগীয় নাট্যোৎসব। মুক্তিযুদ্ধের ছয়টি নাটক নিয়ে ওই আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। গতকাল শুক্রবার বরিশাল নগরের অশ্বিনীকুমার দত্ত মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার আবু হেনা রহমতুল মুনীম। বাংলাদেশ শিল্পকলা একাডেমী মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে প্রোথিত করার জন্য জেলাভিত্তিক কলেজগুলোর শিক্ষার্থীদের নিয়ে নাটক নির্মাণ ও মঞ্চায়নের উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে বরিশালে এই উৎসবের আয়োজন করা হয়। নাট্যোৎসবের বিভাগীয় সমন্বয়ক বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ দুলাল জানান, গত মার্চ মাস থেকে বরিশাল বিভাগের ছয় জেলার ছয়টি কলেজের শিক্ষার্থীদের নিয়ে নির্মাণ করা হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক ছয়টি নাটক। তিন দিনের নাট্যোৎসবে প্রতিদিন দুটি করে নাটক মঞ্চস্থ হবে। উৎসবের প্রথম দিন মঞ্চস্থ হয় সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীদের নির্মিত নাটক মুখোশের অন্তরালে এবং ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় বীরপালা। এ ছাড়া আজ শনি এবং আগামীকাল রোববার মঞ্চস্থ হবে যথাক্রমে পিরোজপুর জেলার আমানউল্লাহ মহাবিদ্যালয়ের বনফুলে বিষলতা, ঝালকাঠি সরকারি কলেজের নিজভূমে পরবাসী, বরগুনা সরকারি কলেজের তোড়া।