বরিশালে যুবদল নেতার হাত কেটে ফেলা হলো
বরিশাল নগরের ওয়ার্ড যুবদল নেতা মো. নিজামউদ্দিন হাওলাদারের (৩২) ডান হাত কেটে বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে তাঁর অন্য হাত ও দুই পায়ের শিরাও কেটে দেওয়া হয়।গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে নগরের কাউনিয়া এলাকার রোকেয়া আজিম সড়কের হাউজিং মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে নিজামউদ্দিনকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিত্সাধীন রয়েছেন।পরিবারের দাবি, স্থানীয় যুবদলের কোন্দলকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। পুলিশের দাবি, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে।চিকিত্সাধীন নিজামউদ্দিনের ভাষ্য, গতকাল রাতে প্রতিপক্ষের নান্টু তাঁকে রোকেয়া আজিম সড়কের হাউজিং এলাকায় নিয়ে যায়। এ সময় জসিমউদ্দিনের নেতৃত্বে হুমায়ুন কবির, মো. সুমন ওরফে হাতকাটা সুমন, পাপ্পু ও ফরহাদ তাঁর ওপর অতর্কিতভাবে হামলা চালায়। একপর্যায়ে তারা কুপিয়ে তাঁর শরীর থেকে ডান হাত বিচ্ছিন্ন করে ফেলে।নিজামউদ্দিনের ভাই ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. শাহীন হাওলাদার জানান, ওয়ার্ড যুবদলের কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে সভাপতি পদপ্রত্যাশী মো. জসিমউদ্দিনের নেতৃত্বে চালানো এই হামলায় নিজামের হাত কেটে বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে তাঁর অন্য হাত ও পায়ের রগ কেটে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ফেলে রেখে যায়।পুলিশের হাতে আটক মো. জসিমউদ্দিন দাবি করেন, ওই ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না। নিজামকে হাসপাতালে দেখতে গেলে পুলিশ তাঁকে আটক করে।এ ব্যাপারে মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, কমিটি গঠন ও পূর্বশত্রুতার জের ধরে ওই হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে হামলার শিকার মো. নিজামউদ্দির বক্তব্য অনুযায়ী জসিমউদ্দিন ও সুমনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে এখনো মামলা হয়নি।