বরিশালে লঞ্চ-কার্গো সংঘর্ষে নিহত ১
বরিশালের কীর্তনখোলা নদীতে মালবাহী কার্গো ও যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। আজ বুধবার ভোর চারটার দিকে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ সূত্র জানায়, হতাহতদের সবাই কার্গোর আরোহী। নিহত বাচ্চু মিয়া (৫৫) দুর্ঘটনাকবলিত কার্গো এমভি নাশেক-২-এর মাস্টার ছিলেন। তিনি নোয়াখালীর দুধমুখা গ্রামের বাসিন্দা। আহতেরা হলেন, কার্গোর শ্রমিক মিরাজ (২৭), আয়াজ (২৫) ও মোমিন ঢালী (৩০)। এঁদের মধ্যে মিরাজকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বরিশাল-ঢাকা নৌ রুটের যাত্রীবাহী সুন্দরবন-৭ লঞ্চের সঙ্গে কার্গো এমভি নাশেক-২-এর মধ্যে সংঘর্ষের ফলে ওই দুর্ঘটনা ঘটে। কার্গো এমভি নাশিক-২-এর কর্মচারী ধনু মিয়া জানান, কলকাতার ভজভজ থেকে ৬০৬ টন সিমেন্ট তৈরির উপাদান নিয়ে কার্গোটি ঢাকা আসছিল। পথে ঢাকা থেকে বরিশালগামী একটি লঞ্চ দিক হারিয়ে কার্গোটির সামনের দিকে দ্রুত বেগে ধাক্কা দেয়। এতে কার্গো মাস্টার বাচ্চু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। তবে লঞ্চটির নাম জানাতে পারেননি ধনু মিয়া। দুর্ঘটনার সময় সুন্দরবন-৭ লঞ্চে থাকা যাত্রী রহিমা সুলতান কাজল বলেন, ভোর সাড়ে চারটার দিকে বিকট শব্দে হঠাত্ করে লঞ্চটি ঝাঁকি খায়। পরে তিনি লঞ্চটির সঙ্গে একটি কর্গোর সংঘর্ষের কথা জানতে পারেন। সুন্দরবন-৭ লঞ্চের সুপারভাইজার মো. হারুন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।