বরিশালে লঞ্চ ধর্মঘট অব্যাহত, যাত্রীদের চরম দুর্ভোগ
বরিশালের সঙ্গে দক্ষিণাঞ্চলের ১৮টি রুটে তিন দিন ধরে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। গত রোববার থেকে এ ধর্মঘট শুরু হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে লঞ্চ মালিক সমিতি, শ্রমিক অ্যাসোসিয়েশন ও বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন জেলা প্রশাসক। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই ওই বৈঠক শেষ হয়। এদিকে নৌযাননির্ভর দক্ষিণাঞ্চলের লঞ্চ বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।বৈঠকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহার করে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিল করবে। ওই প্রতিবেদনে অভিযুক্ত মাস্টার দোষী প্রমাণিত হলে তাঁকে বরখাস্ত এবং নির্দেশ হলে চাকরিতে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হবে। লঞ্চ মালিক সমিতি ওই সিদ্ধান্ত মেনে নিলেও লঞ্চ শ্রমিক অ্যাসোসিয়েশন প্রশাসনের সিদ্ধান্ত মেনে নিতে রাজি হয়নি। এ অবস্থায় কোনো সিদ্ধান্ত না হওয়ায় বেলা ১১টায় বৈঠক শেষ হয়। অন্যদিকে ধর্মঘট অব্যাহত থাকে।উল্লেখ্য, এমভি চন্দ্রদ্বীপ লঞ্চের মাস্টার নজরুল ইসলাম ও টিকিট মাস্টার মো. সাদেক ও জাকিরের সঙ্গে গত ২৪ ফেব্রুয়ারি মালিক পক্ষের কথাকাটাকাটি হয়। এ বিষয়টি নিয়ে বেশ কয়েকবার সালিস হলেও কোনো মীমাংসা হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে এমভি চন্দ্রদ্বীপ লঞ্চের মালিক মো. পান্না ওই তিন স্টাফকে সাময়িকভাবে বরখাস্ত করেন। পরে লঞ্চ মালিকের কাছে ক্ষমা চাইলে টিকিট মাস্টার দুজনকে চাকরিতে পুনর্বহাল করা হয়। কিন্তু মাস্টার নজরুলকে তাঁর পদে ফিরিয়ে নেওয়া হয়নি।