বরিশালে লঞ্চ ধর্মঘট চলছে, ঝুঁকি নিয়ে ট্রলারে যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের সঙ্গে দক্ষিণাঞ্চলের ১৮টি রুটে লঞ্চ ধর্মঘট অব্যাহত রয়েছে। ধর্মঘটের তৃতীয় দিনে গতকাল মঙ্গলবার শত শত যাত্রীকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। ঝুঁকি নিয়ে অনেকে ট্রলারে করে গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে গতকাল সকালে জেলা প্রশাসনের ডাকা বৈঠকেও কোনো সমঝোতা হয়নি। লঞ্চমালিকেরা বৈঠকের সিদ্ধান্ত মেনে নিলেও শ্রমিকেরা তাঁদের দাবিতে অনড় রয়েছেন।লঞ্চের একজন মাস্টারকে বরখাস্ত করার প্রতিবাদে গত রোববার ভোর থেকে বরিশালের সঙ্গে দক্ষিণাঞ্চলের ১৮টি রুটে ধর্মঘট ডাকেন শ্রমিকেরা।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে নয়টায় লঞ্চমালিক সমিতি, লেবার অ্যাসোসিয়েশন ও বিআইডব্লিউটিএর প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন জেলা প্রশাসক। দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহার করে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ওই ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্তে অভিযুক্ত মাস্টার দোষী প্রমাণিত হলে তাঁকে বরখাস্ত করা হবে এবং নির্দোষ হলে চাকরিতে পুনর্বহাল করা হবে।লঞ্চমালিক সমিতি এ সিদ্ধান্ত মেনে নিলেও শ্রমিকেরা মেনে নেননি। তাঁদের দাবি, বরখাস্ত করা মাস্টার নজরুলকে আগে কাজে ফিরিয়ে নিতে হবে। তদন্ত হবে পরে।গতকাল বরিশাল লঞ্চঘাটে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীদের ট্রলারে (ইঞ্জিনচালিত নৌকা) উঠতে দেখা যায়। এসব ট্রলার জেলার মেহেন্দীগঞ্জসহ বিভিন্ন স্থান ও ভোলার বিভিন্ন রুটে ধারণক্ষমতার অধিক যাত্রী নিয়ে চলাচল করছে বলে অভিযোগ পাওয়া গেছে।পন্টুনে অসুস্থ ছেলেকে শুইয়ে রেখে পটুয়াখালীর বাউফল যাওয়ার ট্রলার খুঁজছিলেন মনির হোসেন। তিনি বলেন, ‘ট্রলার পাচ্ছি না। বরিশালে কোনো থাকার জায়গাও নেই। তাই দুশ্চিন্তায় আছি।’ বাউফল উপজেলার ধুলিয়ার যাত্রী খাদিজা বেগম জানান, তাঁদের এলাকায় যেতে লঞ্চই একমাত্র মাধ্যম। লঞ্চ না চলায় ঝুঁকি নিয়ে ট্রলারেই উঠতে হবে।মেহেন্দীগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব ভাস্কর পাল বাড়ি ফিরে যাওয়ার জন্য ঘাটে আসেন। তিনি জানান, মেহেন্দীগঞ্জের সঙ্গে বরিশাল সদরের সড়ক যোগাযোগ নেই। তিন দিন ধরে লঞ্চ ধর্মঘট থাকায় সেখানের মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।চিঠির বস্তা নিয়ে একটি ট্রলারে উঠে পিয়ন শাহজাহান বলেন, ‘চার দিন পর আজ (মঙ্গলবার) এই ট্রলারে উঠেছি। বড় বড় নদীতে দুর্ঘটনাও ঘটতে পারে। তার পরও সরকারি ডাক নিয়ে তো যেতেই হবে।’বরিশালের জেলা প্রশাসক মো. মসিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘বৈঠকের সিদ্ধান্ত লঞ্চমালিক সমিতি মানলেও লেবার অ্যাসোসিয়েশন মানেনি। তার পরও পরিস্থিতি স্বাভাবিক করতে আমি সর্বাত্মক চেষ্টা চালাব।’বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন ও নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল শাখার সভাপতি মাস্টার আবদুল হাসেম বলেন, ‘তদন্ত কমিটির সিদ্ধান্ত আমরা মানতে রাজি নই। আগে মাস্টার নজরুলকে চাকরিতে পুনর্বহাল করতে হবে।’এ ব্যাপারে বরিশাল লঞ্চমালিক সমিতির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম বলেন, ‘আমরা প্রশাসনকে সম্মান দেখিয়ে অনেটা ছাড় দিয়েছি। বৈঠকের সিদ্ধান্ত আমরা সম্পূর্ণভাবে মেনে নিয়েছিলাম। কিন্তু শ্রমিকদের খামখেয়ালিপনায় কোনো সমাধান হয়নি।’বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল বন্দর ও পরিবহন কর্মকর্তা কাজী ওয়াকিল নওয়াজ প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসকের সিদ্ধান্ত ন্যায়সঙ্গত ছিল।