বরিশালে লঞ্চঘাট ইজারা দিতে দেবে না শ্রমিক লীগ!
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয়ের অধীন দুটি লঞ্চঘাট ইজারা দেওয়ার উদ্যোগ বাতিল করতে আন্দোলন শুরু করেছে স্থানীয় শ্রমিক লীগ। এই প্রক্রিয়া বাতিলের দাবিতে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে তারা নানাভাবে হুমকি দেওয়া শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। লঞ্চঘাট দুটি নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য ও ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েক দিন ধরে নগরে মিছিল-সমাবেশ, বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করেছে শ্রমিক লীগ।বরিশালের দুটি লঞ্চঘাটের ইজারা নেওয়ার জন্য দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত সোমবার। জানুয়ারির প্রথম সপ্তাহে এই দরপত্র আহ্বান করে বিআইডব্লিউটিএ। এর প্রতিবাদে গত ১১ জানুয়ারি ঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং ১২ ও ১৩ জানুয়ারি নগরের বিভিন্ন সড়কে বিক্ষোভ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করে শ্রমিক লীগের নেতা-কর্মীরা। গত শুক্রবার সকালে বরিশাল বিআইডব্লিউটিএ ভবনের সামনে অবস্থান ধর্মঘট এবং গত শনিবার বিকেলে নগরে মিছিল করেছে তারা। সর্বশেষ গত রোববার দোতলা লঞ্চঘাট চত্বরে সমাবেশ করে এবং রোববার রাত থেকে সোমবার দুপুর ২টা পর্যন্ত অনশন করে। এদিকে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো মূল্যে ঘাট ইজারা দেওয়া হবে।বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন কর্মকর্তা কাজী ওয়াকিল নওয়াজ বলেন, ‘শ্রমিক লীগের আন্দোলনের মুখে কাজ পিছিয়ে যাচ্ছে। ঘাট ইজারা দেওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। সে লক্ষ্যে সোমবার পঞ্চমবারের মতো দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র আহ্বান ও গ্রহণের সব প্রস্তুতি রয়েছে। এ ব্যাপারে প্রশাসনের কাছেও সর্বাত্মক সহযোগিতা চাওয়া হয়েছে।’ নাম প্রকাশ না করার শর্তে বিআইডব্লিউটিএর একাধিক কর্মকর্তা অভিযোগ করে বলেন, দরপত্র প্রক্রিয়া বাতিলের দাবিতে শ্রমিকেরা তাদের নানাভাবে হুমকি দিয়ে আসছে এবং অকথ্য ভাষায় গালাগাল করছে।বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, গত বছর ৩০ জুন বরিশালে দুটি ঘাটের ইজারার মেয়াদ শেষ হওয়ার পর কর্তৃপক্ষ এ পর্যন্ত চার বার দরপত্র আহ্বান করেছে। এর মধ্যে গত ১৮ ও ২৫ জুন প্রথম ও দ্বিতীয় এবং ৯ ও ২১ জুলাই তৃতীয় ও চতুর্থ দফায় দরপত্র আহ্বান করা হয়। প্রথম তিনটি তারিখে কোনো দরপত্র জমা পড়েনি। চতুর্থ দফায় ঢাকায় একটি মাত্র দরপত্র জমা পড়ে। ফলে কর্তৃপক্ষ ঘাট ইজারা না দিয়ে নিজেদের তত্ত্বাবধানেই ঘাট পরিচালনা করছে। সূত্রমতে, পঞ্চম দফায় বিআইডব্লিউটিএর বরিশাল কার্যালয়ে চারটি দরপত্র জমা পড়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নামে বিআইডব্লিউটিএ হলেও ঘাট নিয়ন্ত্রণ করছে শ্রমিক লীগ। অভিযোগ রয়েছে, মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক পরিমল দাসের নেতৃত্বে ঘাট নিয়ন্ত্রিত হচ্ছে। প্রতিদিন মাত্র ছয় থেকে ১২ হাজার টাকা বিআইডবিউটিএর ফান্ডে জমা দিয়ে বাকি অর্থ কয়েকজন অসাধু কর্মকর্তা ও শ্রমিক লীগের সদস্যরা ভাগ করে নেয়। এই অভিযোগের তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। কর্মকর্তারা জানান, কমিশন এরই মধ্যে ঘাটের ইজারাসংক্রান্ত যাবতীয় কাগজপত্র তলব করেছে। তদন্ত চলছে। বরিশাল মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক পরিমল দাস বলেন, ‘আমরা ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছি। যতক্ষণ পর্যন্ত তা বাতিল করা না হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আমরা মাথায় বোঝা বহন করব আর মধ্যস্বত্বভোগীরা তার লাভ নিয়ে নেবে তা হতে দেওয়া যায় না। আমাদের দুই থেকে আড়াই শ শ্রমিক আছে, তাদের কাজ বন্ধ হয়ে যাবে। তাদের ছাঁটাই করা হবে। তাই আমরা দরপত্র প্রক্রিয়া যেকোনো মূল্যে প্রতিহত করার চেষ্টা করব।’অর্থ আত্মসাত্ করার অভিযোগ প্রসঙ্গে পরিমল বলেন, ‘বিআইডব্লিউর সঙ্গে মিলে আমরাই ঘাটের দেখাশোনা করি। বর্তমানে রাজস্ব কিছু কম উঠছে। দুর্নীতি দমন কমিশনের লোকজন এসে আদায় করুক, দেখি কত টাকা তুলতে পারে।’ কর্তৃপক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আমাদের পক্ষ থেকে কাউকে হুমকি দেওয়া হয়নি। হুমকি ও গালি দেওয়ার ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’