বরিশালে শুরু হয়েছে দুর্গাপূজার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহত্ ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজা আগামী ১৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে। এর মধ্যেই শুরু হয়ে গেছে প্রতিমা তৈরিসহ আনুষঙ্গিক অন্যান্য কাজ। এ বছর বরিশাল জেলার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।এবারও বরিশাল নগরে ৩০টি, সদর উপজেলায় ১২টি, বানারীপাড়ায় ২৫টি, উজিরপুরে ৪০টি, বাকেরগঞ্জে ২৬টি, বাবুগঞ্জে ১২টি, মুলাদীতে ১০টি, হিজলায় ৬টি, মেহেন্দিগঞ্জে ১২টি, গৌরনদীতে ৬৩টি ও আগৈলঝাড়ার ১২২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জেলা পূজা উদ্যাপন কমিটি জানায়।এদিকে নগরের প্রতিমাশিল্পীরা ব্যস্ত হয়ে পড়েছেন মণ্ডপ তৈরির কাজে। নগরের ভাটিখানা, ঝাউতলা, বাজার রোড, সদর রোড, কাউনিয়া ও ঝাউতলা এলাকাসহ গৌরনদী ও আগৈলঝাড়া, উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ, হিজলা-মূলাদী-মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে।পিরোজপুর থেকে আসা শিল্পী প্রবীর বিশ্বাস (৫৫) বাসসকে জানান, তাঁরা এ মাস থেকেই প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন। কাঠের কাঠামো, খড়কুটা দিয়ে প্রতিমার অবয়ব তৈরি করে তার ওপর এঁটেল মাটি দিয়ে দৃষ্টিনন্দন প্রতিমা তৈরি করা হয়। প্রতিমার শরীরের মাটি দ্রুত শুকানোর জন্য বৈদ্যুতিক পাখা ব্যবহার করা হয়। বিদ্যুত্ব্যবস্থা না থাকায় অনেক স্থানে মণ্ডপের কমিটির নেতৃবৃন্দ আগেভাগেই প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন।বাগেরহাট থেকে বরিশাল নগরে আসা প্রতিমা তৈরির শিল্পী মনোতোষ পাল (৪৫) জানান, বড় আকারের একটি প্রতিমা তৈরি করতে পাঁচ থেকে ছয়জন শিল্পীর ন্যূনতম ১৮ থেকে ২০ দিন সময়ের প্রয়োজন হয়। ছোট আকারের প্রতিমা তৈরি করতে ১৪ থেকে ১৫ দিন সময় লাগে। প্রতিমা তৈরির জন্য চুক্তির মাধ্যমে তাঁরা ১০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন। পূজা শুরু হওয়ার আগের দিন পর্যন্ত বিরামহীনভাবে রাত-দিন তাঁদের প্রতিমা তৈরি ও সাজানোর কাজ করতে হয়।বরিশাল নগরের সর্বজনীন পূজা উদ্যাপন কমিটির সম্পাদক বিষু ঘোষ জানান, এক সপ্তাহ আগে থেকে তাঁদের মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছে। শেষ হতে আরও ১৫ দিন সময় লাগবে। বাসস