কালো ধোঁয়ার কারণে একটি বাসকে জরিমানা করাকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সঙ্গে র্যাব ও পুলিশের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল সদরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনালে এ ঘটনা ঘটে। এর ফলে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেলা তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।জানা যায়, পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত গাড়ি থেকে কালো ধোঁয়া নির্গমনের কারণে একটি বাসকে জরিমানা করে। এ নিয়ে আদালতের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শ্রমিকদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ আলমকে পুলিশ সরিয়ে দিতে চাইলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তাঁর গায়ে পুলিশের একটি লাঠির আঘাত লাগলে শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে যায়। র্যাব-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁদের লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় শ্রমিকেরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন। পাল্টাপাল্টি সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হন। পরে জেলা ও মহানগর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।