বরিশালে শ্রমিক লীগের নেতার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সদর উপজেলার ছয়মাইল এলাকায় গতকাল শুক্রবার মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক আফতাব হোসেন ও তাঁর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা যোগ দিয়ে আফতাব-সমর্থকদের ধাওয়া দেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ১৬টি গুলি ও কাঁদানে গ্যাসের ছয়টি শেল ছোড়ে। দেড় ঘণ্টার জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।পুলিশের ভাষ্যমতে, শ্রমিক লীগের নেতা আফতাব গতকাল ২৫০টি মোটরসাইকেল ও তিনটি মাইক্রোবাসে করে কয়েক শ সশস্ত্র সমর্থক নিয়ে বরিশাল নগরের নথুল্লাবাদের কেন্দ্রীয় বাস টার্মিনাল দখল করতে আসছিলেন। খবর পেয়ে তাঁদের বাধা দেওয়া হয়।পুলিশ ও শ্রমিক নেতাদের বিবরণ অনুযায়ী, গত ১ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালালে তৎকালীন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আফতাবের নেতৃত্বে শ্রমিকেরা আদালতের সদস্যদের ওপর হামলা করেন। এতে র‌্যাব, পুলিশ, সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হন। এ ঘটনায় ওই দিন রাতেই আফতাবসহ ৫০০ জনকে আসামি করে দুটি মামলা করে পুলিশ। এর পর থেকে পলাতক ছিলেন আফতাব। ওই দুটি মামলায় গত বৃহস্পতিবার ঢাকার উচ্চ আদালত থেকে জামিন পান আফতাব।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আফতাব ও তাঁর কয়েক শ সমর্থক লাঠিসোঁটা নিয়ে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে সড়কপথে বরিশাল শহরে যাচ্ছিলেন। নগর থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে ছয়মাইল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে তাঁদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে আফতাবের সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ বেশ কয়েকটি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন ও যুগ্ম সম্পাদক কামাল সরদারসহ তাঁদের সমর্থকেরা পুলিশের সঙ্গে যোগ দিয়ে আফতাবের সমর্থকদের ধাওয়া দেন। দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধাওয়া পাল্টা-ধাওয়া চলে। একপর্যায়ে আফতাবের সমর্থকেরা বরিশাল থেকে ২০ কিলোমিটার দূরে ইছলাদি চলে যান। দুপুর সাড়ে ১২টার দিকে প্রবল বৃষ্টি শুরু হলে পরিস্থিতি শান্ত হয়।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ সংবাদ পাই, আফতাব ২৫০টি মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে নথুল্লাবাদ বাস টার্মিনাল দখলের জন্য আসছেন। আর নথুল্লাবাদ এলাকায় তাঁকে প্রতিহত করতে অন্য একটি পক্ষ প্রস্তুতি নিচ্ছে। দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় আমরা আফতাব ও তাঁর সমর্থকদের ছয়মাইল এলাকার কলসগ্রামে বাধা দেই এবং তাঁদের বরিশাল না যাওয়ার অনুরোধ করি। কিন্তু আফতাব ও তাঁর সমর্থকেরা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা কাঁদানে গ্যাসের শেল ও শটগানের ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেই।’ইছলাদি এলাকার শ্রমিক লীগের নেতা আফতাব হোসেন প্রথম আলোকে বলেন, ‘বাস টার্মিনাল দখল নয়, জামিন পেয়ে প্রায় ছয় মাস পর নেতা-কর্মী নিয়ে বাড়ি যাচ্ছিলাম। কিন্তু ছয়মাইল এলাকায় পুলিশ ও বর্তমান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়। পুলিশের গুলি, কাঁদানে গ্যাসের শেল ও লাঠিপেটায় আমার ২৫-৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।’আফতাবের অভিযোগ, বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেনের নির্দেশে এই হামলা হয়েছে। বিএনপিও তাদের আমলে এ রকম নির্যাতন চালায়নি।এ ব্যাপারে মেয়র শওকত হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। আফতাবের অভিযোগ অস্বীকার করে বরিশাল মহানগর পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সংঘর্ষ এড়াতে আফতাবকে আসতে দেওয়া হয়নি, কারও নির্দেশে নয়।জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও মহানগরের ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আফতাব হোসেন শতাধিক মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে সশস্ত্র মহড়া নিয়ে ছয়মাইল এলাকায় পৌঁছানোর পর পুলিশ বাধা দেয়। পুলিশের বাধায় আফতাবের লোকজন আশপাশের বাড়িতে ঢুকলে এলাকাবাসী তাঁদের প্রতিহত করে। আমরা কোনো বাধা দেইনি।’