বরিশালে সকালে পরিবহন ধর্মঘট, দুপুরে প্রত্যাহার
কাল বুধবার থেকে সড়কের সংস্কারকাজ শুরু হবে, প্রশাসনের এমন আশ্বাসে বরিশালের মহাসড়কসহ অভ্যন্তরীণ ২৮টি রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বেলা দুইটার পর থেকে আবার যান চলাচল শুরু হয়।এর আগে সকালে ঢাকা-বরিশাল মহাসড়কসহ সব আঞ্চলিক সড়ক সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক সমিতি, বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নসহ অন্যান্য সংগঠন। সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ওই সব রুটের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।দুপুর ১২টায় জেলা প্রশাসন সভাকক্ষে বাস মালিক সমিতির সঙ্গে বৈঠকে বসেন জেলা প্রশাসক এস এম আরিফুর রহমান, সাংসদ তালুকদার মো. ইউনুসসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা। এ সভাতেই কাল থেকে সড়কের সংস্কারকাজ শুরু করার আশ্বাস দেওয়া হয়।বিভাগীয় ও জেলা বাস মালিক সমিতি জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কসহ বরিশালের সঙ্গে যোগাযোগের ২৮টি রুটের সড়ক যান চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। বিগত রোজা ও কোরবানির ঈদের সময় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। বিভাগীয় ও জেলা প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়। কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জীবনের ঝুঁকি নিয়ে পরিবহন চালাতে গিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে পরিবহন মালিকেরা।সর্বশেষ ১২ ডিসেম্বর বেলা ১১টায় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে মানববন্ধন শেষে সাত দিনের আল্টিমেটাম দিয়ে যোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। তার পরও প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করায় ২৮ রুটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়।বরিশাল জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঢাকা-বরিশাল মহাসড়কসহ বরিশালের সব আঞ্চলিক সড়ক দীর্ঘদিন ধরে খানাখন্দ ও নর্দমায় পরিণত হয়েছে। ভাঙাচোরা সড়কে যান চালাতে গিয়ে একদিকে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি অন্যদিকে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। এ ব্যাপারে বহুবার যোগাযোগ মন্ত্রণালয়সহ স্থানীয় প্রশাসনকে বলার পরও কোনো ব্যবস্থা গ্রহণ না করায় ধর্মঘট আহ্বান করা হয়।’