বরিশালে সন্ত্রাসীর ছুরিকাঘাতে সাংসদ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-২ আসনের (বানারিপাড়া-উজিরপুর) সাংসদ মনিরুল ইসলাম সন্ত্রাসীর ছুরিকাঘাতে আহত হয়ে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে তাঁকে ছুরিকাঘাত করা হয়। পুলিশ আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনায় রিয়াজ নামের একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। সাংসদ মনিরুল জানান, গতকাল সংসদ অধিবেশনের পরপরই তিনি স্ত্রীসহ বরিশালে শ্বশুর বাড়ির উদ্দেশে রওনা হন। রাত দুইটার দিকে শহরের হাসপাতাল রোড ল কলেজের সামনে গাড়ি পৌঁছালে রিয়াজ নামের একজন সন্ত্রাসী তাঁর কয়েকজন সহযোগী নিয়ে গাড়ি থামিয়ে তাঁকে (মনিরুল) অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় তিনি গাড়ি থেকে বের হয়ে তাদের থামাতে চাইলে রিয়াজ ছুরি দিয়ে মনিরুলকে আঘাত করতে চান। মনিরুল ছুরিটি ফেরাতে গেলে তাঁর হাতের অনেকখানি কেটে যায়। এরপর তাঁর স্ত্রী পুলিশ কমিশনারকে ফোন করেন। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।