বরিশালে সম্মান ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে দুজন গ্রেপ্তার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান (স্নাতক) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক কলেজশিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক কবির হোসেন ও তাঁর পরিচালিত রূপান্তর কোচিং সেন্টারের তত্ত্বাবধায়ক রিয়াজ হাওলাদার।আজ শুক্রবার পরীক্ষা চলাকালে বেলা সাড়ে ১১টায় ব্রজমোহন কলেজের উল্টো দিকে রূপান্তর কোচিং সেন্টার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে প্রশ্নপত্রের কপিও উদ্ধার করা হয়।ব্রজমোহন কলেজ কর্তৃপক্ষ জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশের ১৪২টি কেন্দ্রে একযোগে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ওই পরীক্ষার কেন্দ্র হিসেবে সরকারি ব্রজমোহন কলেজে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা চলছিল। পরীক্ষা শুরু হওয়ার আধা ঘণ্টা পর জানা গেছে, ওই কোচিং সেন্টারের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হলে ওই কোচিং সেন্টারে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।কলেজের অধ্যক্ষ ননী গোপাল দাস প্রথম আলোকে বলেন, ‘এ বছর আমরা ভর্তি পরীক্ষার বিষয়ে আগেই সতর্ক ছিলাম। পরীক্ষাকেন্দ্রে যাতে বহিরাগত ব্যক্তিরা প্রবেশ করতে না পারে, সে জন্য কঠোর ব্যবস্থাও নেওয়া হয়। প্রশ্ন কেনাবেচার বিষয়টি শুনেই আমরা পুলিশকে খবর দিয়েছিলাম।’বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।