বরিশালে সাংসদ ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-২ আসনের (বানারীপাড়া-উজিরপুর) আওয়ামী লীগের সাংসদ মনিরুল ইসলামকে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে আহত করেছে। নগরের হাসপাতাল রোডে তাঁর শ্বশুরবাড়ির সামনে গত বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।আহত সাংসদকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল বৃহস্পতিবার রিয়াজ নামের এক যুবককে আটক করেছে।এ ঘটনায় পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন সাংসদ মনিরুল। তাঁর অভিযোগ, রাতে ঘটনাস্থলে পুলিশ এলেও সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে চলে যায়। তিনি বলেন, একজন সাংসদের নিরাপত্তাই যেখানে হুমকির মুখে, সেখানে সাধারণ মানুষের অবস্থা কী ভয়াবহ, তা বলার অপেক্ষা রাখে না।তবে পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সাংসদ মনিরুলের ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা।স্থানীয় সূত্র জানায়, সাংসদ মনিরুল ইসলাম গত বুধবার রাত আটটায় তাঁর নিজের গাড়িতে করে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হন। রাত আড়াইটার দিকে গাড়িটি বরিশাল নগরের হাসপাতাল রোডে সাংসদের শ্বশুরবাড়ির সামনে পৌঁছায়। গাড়ি থামার সঙ্গে সঙ্গে স্থানীয় রিয়াজ ও তার পাঁচ-ছয়জন সহযোগী সাংসদকে গালাগাল শুরু করে। এ সময় সাংসদ মনিরুল গাড়ি থেকে নেমে তাদের নিবৃত্ত করতে চাইলে রিয়াজ তাঁর বুক লক্ষ্য করে ছুরি চালায়। সাংসদ হাত দিয়ে ঠেকাতে গেলে তাঁর ডান হাতে আঘাত লাগে।সাংসদ মনিরুল অভিযোগ করে বলেন, ‘সন্ত্রাসী রিয়াজ ছয়-সাতজন সহযোগীকে নিয়ে পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালায়।’রিয়াজ হাওলাদার থানা চত্বরে গতকাল প্রথম আলোকে বলেন, ‘সাংসদ মনিরুলের শ্বশুরবাড়ির সব ময়লা পানি আমাদের বাড়িতে পড়ে। তাঁকে (মনিরুল) বহুবার বিষয়টি জানিয়েও কোনো প্রতিকার পাইনি। গত রাতে তিনি বরিশালে এলে বিষয়টি মীমাংসা না করার কারণ জানতে চাওয়া হয়। এ সময় তিনি আমাকে থাপড় মারেন এবং গলাধাক্কা দেন। আমি তাঁকে ছুরি দিয়ে আঘাত করি।’এ ব্যাপারে বরিশাল মহানগর পুলিশের কমিশনার আবদুর রহিম প্রথম আলোকে বলেন, সাংসদ মনিরুল বরিশালে আসার আগে পুলিশকে জানাননি। তা ছাড়া ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নিয়েছে। সাংসদের ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত রিয়াজকে পুলিশ আটক করেছে।সড়ক অবরোধ: এদিকে সাংসদ মনিরুলের ওপর হামলার প্রতিবাদে গতকাল সকাল সাড়ে ১০টায় ঢাকা-বরিশাল মহাসড়কের শানুহার ও বামরাইল এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন, পুলিশ কমিশনার আবদুর রহিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল দুপুরে আহত সাংসদ মনিরুলকে দেখতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান।