বরিশালে সাংসদ ছুরিকাহতের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সাংসদ মনিরুল ইসলামকে ছুরিকাঘাত করার ঘটনায় সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। সাংসদ মনিরুলের একান্ত সচিব মো. রেজাউল করিম গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে গ্রেপ্তার হওয়া রিয়াজ হাওলাদারসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে বরিশাল কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন।এদিকে মামলার ১ নম্বর আসামি রিয়াজকে গতকাল শুক্রবার বরিশাল মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। আদালত রিয়াজকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার প্রথম আলোকে বলেন, ‘নগরের হাসপাতাল রোডে সাংসদ মনিরুলের ওপর সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে রিয়াজসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি।’সাংসদ মনিরুল ইসলাম এখনো বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গত বুধবার রাতে আসামি রিয়াজ তাঁর ডান হাতে ছুরি দিয়ে আঘাত করেন। হামলার পর সাংসদ মনিরুল পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, একজন সাংসদের নিরাপত্তাই যেখানে হুমকির মুখে, সেখানে সাধারণ মানুষের অবস্থা কী ভয়াবহ, তা বলার অপেক্ষা রাখে না। এ ব্যাপারে গতকাল বিকেলে নগরের হাসপাতাল রোডে সাংসদ মনিরুলের শ্বশুরবাড়ি গেলে তাঁর স্ত্রী রাজিয়া ইসলাম প্রথম আলোকে বলেন, ‘রিয়াজ এর আগেও আমাদের হুমকি দিয়েছে। বলেছে, আমরা এখানে বাড়ি করছি। বাধা দিলে সবাইকে কেটে টুকরো টুকরো করে ফেলব।’ রাজিয়া আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা, রাতে যে এখানে এমপি আসবে, রিয়াজ কীভাবে জানে। অন্য কোনো চক্র এমপিকে হত্যা করতে রিয়াজকে পাঠাতে পারে।’অন্যদিকে রিয়াজের মা বকুল বেগম জানান, প্রতিবেশী সাংসদ মনিরুলের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে জমি নিয়ে তাঁদের বিরোধ রয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে রিয়াজ বাসায় ফিরে বিষয়টি নিয়ে চিৎকার-চেঁচামেচি করেন। রাত সোয়া দুইটার দিকে সাংসদ তাঁর শ্বশুরবাড়িতে আসেন। এ সময় সাংসদের সঙ্গে রিয়াজের কথা-কাটাকাটি হয়। তখন সাংসদ মনিরুল রিয়াজকে মারধর করেন। এতে তাঁর মাদকাসক্ত ছেলে রিয়াজ ক্ষুব্ধ হয়ে সাংসদকে ছুরি দিয়ে আঘাত করেন। কিন্তু তিনি সাংসদকে হত্যার কোনো চেষ্টা করেননি।