বরিশালে সাংসদের হাতে পাউবোর নির্বাহী প্রকৌশলী লাঞ্ছিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ মনিরুল ইসলাম বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের কক্ষে ঢুকে তাঁকে লাঞ্ছনা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর ঠিকাদার ও কর্মচারীরা সাংসদকে প্রায় এক ঘণ্টা পাউবো কার্যালয়ে অবরোধ করে রাখেন। পরে পুলিশ প্রহরায় তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। পাউবো কার্যালয় সূত্র ও ঠিকাদারেরা জানান, উজিরপুরের ধামুরা নদীর ভাঙন প্রতিরোধে সিসি ব্লক তৈরির এক কোটি ৭১ লাখ টাকার কাজের জন্য তিনটি দরপত্র জমা পড়ে। যে তিন প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে সেগুলো হলো, মেসার্স এম বিল্ডার্স, এসআর কনস্ট্রাকশন ও মেসার্স আল মামুন এন্টারপ্রাইজ। এর মধ্যে সাংসদ মনিরুল ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান হলো মেসার্স এম বিল্ডার্স। আল মামুন এন্টারপ্রাইজ সর্বনিম্ন দর প্রস্তাব করলেও সাংসদ নিজের প্রতিষ্ঠানকে ওই কাজ দেওয়ার জন্য নির্বাহী প্রকৌশলীকে চাপ দিয়ে আসছিলেন। কয়েকজন কর্মচারী জানান, সাংসদ গতকাল বেলা ১১টায় পাউবো কার্যালয়ে আসেন। সঙ্গে ছিলেন তাঁর ছেলে রিয়াজুল ইসলাম। তাঁরা নির্বাহী প্রকৌশলীর কক্ষে ঢোকার কিছুক্ষণ পরই সেখানে হট্টগোল শুরু হয়। জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠিকাদার মির্জা আবুয়াল হোসেন প্রথম আলোকে জানান, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি অভিযোগ করেন, সাংসদ ওই কক্ষে ঢুকেই নির্বাহী প্রকৌশলীকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। প্রকৌশলীকে সাংসদ বলেন, ‘আমার এলাকায় আমি যা বলব, তাই করতে হবে।’ আবুয়াল বলেন, ‘আমি সাংসদ মনিকে (মনিরুল ইসলাম) শান্ত হওয়ার অনুরোধ জানালে তিনি আমার সঙ্গেও দুর্ব্যবহার করেন। একপর্যায়ে তাঁর ছেলে রিয়াজুল নির্বাহী প্রকৌশলীকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে।’ আবুয়াল জানান, এতে পাউবোর সাধারণ কর্মচারী, ঠিকাদার ও অন্য কর্মীরা ক্ষুব্ধ হয়ে সাংসদ ও তাঁর ছেলেকে নির্বাহী প্রকৌশলীর কক্ষে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুর রব মিয়া ও বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার ভানু লাল দাস ঘটনাস্থলে যান। তাঁরা প্রায় এক ঘণ্টা নির্বাহী প্রকৌশলীর কক্ষে সাংসদের সঙ্গে আলোচনা করেন। দুপুর ১২টায় পুলিশ প্রহরায় সাংসদ ও তাঁর ছেলে সেখান থেকে বেরিয়ে আসেন।ঘটনাস্থলে উপস্থিত একাধিক ঠিকাদার ও পাউবো কর্মচারী বলেন, সাংসদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সাংসদ ও তাঁর ছেলে ঘটনাস্থল ত্যাগ করার সময় ঠিকাদারেরা তাঁদের দিকে তেড়ে যান। পুলিশের কারণে সাংসদ রক্ষা পান। তবে নির্বাহী প্রকৗশলী হারুন অর রশিদ লাঞ্ছিত হওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘সাংসদের সঙ্গে আমার কোন্দল নেই। নির্বাচনী এলাকার উন্নয়নমূলক কাজ নিয়ে কথা বলার জন্য সাংসদ আমার কার্যালয়ে গিয়েছিলেন। সাংসদ বা তাঁর ছেলে তাঁকে লাঞ্ছিত করেননি।’ নির্বাহী প্রকৌশলী বলেন, তাঁর কক্ষে অন্য ঠিকাদারদের সঙ্গে সাংসদের লোকজনের বাগিবতণ্ডা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে সাংসদ নিজেই ফোন করে পুলিশকে আসতে বলেন।সাংসদ মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এলাকার উন্নয়নমূলক কাজ নিয়ে কথা বলতে আমি নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়েছিলাম। সেখানে আবুয়াল হোসেনসহ জেলা যুবলীগের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। নির্বাহী প্রকৌশলী যুবলীগের নেতাদের তাঁর কক্ষ থেকে বেরিয়ে যেতে বলায় তাঁরা ক্ষুব্ধ হন। আমি তাঁদের সংযত হতে অনুরোধ করলে তাঁরা আমার সঙ্গেও খারাপ আচরণ করেন। সাংসদ বলেন, ‘তাঁরা নিজেদের মেয়র মঞ্জুর লোক দাবি করে আমাকেও দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। যুবলীগের নেতারা আমার সমর্থক দুই ছাত্রলীগের কর্মীকে মারধরও করেছেন।’পুলিশের উপকমিশনার ভানু লাল দাস জানান, তাঁরা জানতে পেরেছেন, নির্বাহী প্রকৌশলীর কক্ষে ঠিকাদারেরা হট্টগোলে লিপ্ত হয়েছিলেন। সাংসদ বা নির্বাহী প্রকৌশলী কেউ কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। এ ব্যাপারে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করেও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুর রব মিয়ার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।