বরিশালে সাংস্কৃতিক মেলা
ধান-নদী-খাল, কীর্তিতে বরিশাল—এ শিরোনাম নিয়ে বরিশালে শুরু হয়েছে তিন দিনের সাংস্কৃতিক মেলা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় মেলার আয়োজন করেছে বরিশাল জেলা প্রশাসন।গতকাল বৃহস্পতিবার বিকেলে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরন।জেলা প্রশাসক এস এম আরিফ উর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সদস্য মানবেন্দ্র বটব্যাল, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম ইকবাল প্রমুখ।সন্ধ্যা সাড়ে ছয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিকার আজমল হোসেন ও কাজী সেলিনা। এরপর পরিবেশিত হয় বরিশালের আঞ্চলিক গান ও লোকগীতি। নৃত্য পরিবেশন করে খেলাঘর বরিশাল জেলা শাখা। সব শেষে পরিবেশিত হয় শব্দাবলী গ্রুপ থিয়েটারের পরিবেশনায় নাটক গ্রহ বিচার।এ ছাড়া তিন দিনের মেলায় বাংলাদেশের লোকজ ঐতিহ্য লাঠিখেলা, জারিগান, রয়ানী, পুঁথিপাঠ, সারিগান ও যাত্রা পরিবেশন করা হবে।