বরিশালে স্কুলছাত্রের মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে জিলা স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করা হয় বলে ধারণা করছে পুলিশ। নিহতের নাম রাশেদুল ইসলাম (১৪)। সে নগরের কাউনিয়া ক্লাব রোডের বাসিন্দা স্কুলশিক্ষক গোলাম রহমান এবং শিউলী ইয়াসমিনের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির গৃহকর্মী কাজল বেগমকে আটক করা হয়েছে।শিউলী ইয়াসমিন বলেন, ‘রাত দেড়টার দিকে রাশেদুল তার নিজ কক্ষের দরজা খুলে রক্তাক্ত অবস্থায় আম্মু আম্মু বলে দুইটা চিত্কার দিয়ে সামনের রুমের শোকেসের গ্লাসের ওপর পড়ে যায়। এরপর আর কিছুই বলতে পারেনি। মেঝেতে লুটিয়ে পরার শব্দ শুনে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। তাত্ক্ষণিক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাশেদুলের মৃত্যু হয়। তার মুখে ও গলায় ধারালো অস্ত্রের জখম রয়েছে।’বরিশাল মহানগরের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পারিবারিক ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে খুন হয়ে থাকতে পারে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল থেকে মর্গে পাঠানো হয়েছে। বরিশাল মহানগর পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি রহস্যজনক হওয়ায় পুলিশই বাদী হয়ে মামলা করবে।