বরিশালে স্যালাইন কোম্পানিতে শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর
বরিশালের অপসো স্যালাইন কোম্পানির শ্রমিকেরা প্রশাসনিক কর্মকর্তা সাদেকুল ইসলাম দীপুসহ দুজনের অপসারণ, বেতন বৃদ্ধি ও ইফতারের টাকা দেওয়াসহ ১৫ দফা দাবিতে আন্দোলন শুরু করেছেন। আজ শনিবার সকাল আটটা থেকে তাঁরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে বিক্ষোভ ও ভাঙচুর চালান।শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে কারখানার হাজার খানেক শ্রমিক ভেতরে ঢুকে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা কারখানার মূল ফটক বন্ধ রেখে প্রশাসনিক কর্মকর্তা সাদেকুল ইসলাম দীপুর কুশপুত্তলিকা দাহ করেন। শ্রমিকদের দাবি, তাঁরা ১৫ দফা দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান চান। তা না হলে তাঁরা কাজে যোগ দেবেন না।ওই কারখানার মালিক বর্তমানে বরিশালে নেই। তবে যোগাযোগ করা হলে প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে।বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করে বলেন, কারখানাটির ফটক ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশ ভেতরে ঢুকতে পারছে না।এদিকে এই শ্রমিক অসন্তোষের খবর ছড়িয়ে পড়লে রূপাতলী এলাকায় অবস্থিত গ্লোবাল ক্যাপসুল লিমিটেডের শ্রমিকেরাও সকাল ১০টার দিকে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে। বিক্ষোভ থামাতে গেলে তাঁরা তিন কর্মকর্তাকে মারধর করে আটকে রাখেন বলে কারখানা সূত্রে জানা গেছে।তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশ বা মালিকপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।