বরিশালে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
বরিশালে আজ বৃহস্পতিবার সকালে একটি মাছবোঝাই টেম্পোর সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। আহতদের বরিশাল শেরে বাংলা চিকিত্সা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে পাঁচটায় বাকেরগঞ্জ উপজেলা থেকে নয়জন মাছ ব্যবসায়ী মাছবোঝাই টেম্পো নিয়ে বরিশালের উদ্দেশে যাত্রা করেন। টেম্পোটি বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নন্দপাড়া গাজী বাড়ি পৌঁছালে উল্টো দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ব্যবসায়ী মো. কবির (২৬) মারা যান। আহতদের হাসপাতালে নেওয়ার পথে মো. শফিক (২৫) নামের আরও একজন মারা যান।আহত আরও পাঁচজনকে বরিশাল শেরে বাংলা চিকিত্সা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা দুর্ঘটনাকবলিত ট্রাক ও টেম্পোটি আটক করেছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’