বরিশালে হামলার পাল্টাপাল্টি অভিযোগ
বরিশালে সিটি করপোরেশন নির্বাচন চলাকালে প্রতিপক্ষের সমর্থকেরা হামলা চালিয়েছে বলে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। তাঁরা হলেন ১৪ দল-সমর্থিত মেয়র প্রার্থী শওকত হোসেন ও ১৮ দল-সমর্থিত মেয়র প্রার্থী আহসান হাবিব।এর জের ধরে নগরের পূর্ব রূপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট নেওয়া স্থগিত করা হয়। এক ঘণ্টা পর বেলা পৌনে তিনটায় আবারও ওই কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে।শওকত হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, বেলা একটার পর তিনি পূর্ব রূপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান। এ সময় তিনি দেখতে পান, তাঁর টেলিভিশন প্রতীক গলায় ঝুলিয়ে কয়েকজন অপরিচিত লোক কেন্দ্রের ভেতর ঘোরাঘুরি করছেন। তিনি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুল কবিরকে বিষয়টি জানান। পরে ওই কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পান, আহসান হাবিব তাঁর দলের লোকজন নিয়ে কেন্দ্রে প্রবেশ করছেন। তিনি করমর্দনের জন্য আহসান হাবিবের দিকে হাত বাড়িয়ে দেন, কিন্তু আহসান হাবিব তাঁর সঙ্গে হাত না মিলিয়ে উত্তেজিত হয়ে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে মাহমুদ নামের আহসান হাবিবের একজন সমর্থক শওকত হোসেনকে মারতে উদ্যত হন। পরে শওকত হোসেন ওই কেন্দ্র ছেড়ে চলে যান।আহসান হাবিব পাল্টা অভিযোগ করেন, শওকত হোসেনের সঙ্গে থাকা সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালিয়েছে।ঘটনাস্থলে থাকা প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও বরিশাল প্রতিনিধি জানান, আহসান হাবিবের কপালে এবং তাঁর সঙ্গে থাকা সাবেক সাংসদ আবুল হোসেন খানের চোখের নিচে গালে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গেছে।এ ঘটনার জের ধরে বেলা একটা ৪২ মিনিটে পূর্ব রূপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। এক ঘণ্টা পর বেলা পৌনে তিনটার দিকে আবারও ওই কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়।ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুল কবির প্রথম আলো ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছিল।দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে শওকত হোসেনের সমর্থকদের ধস্তাধস্তির জের ধরে পাঁচ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল। প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মাহবুব আলী। বরিশাল সদর আসনে বিএনপির সাংসদ ও বরিশাল মহানগর কমিটির সভাপতি মজিবর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, নগরের ১০০টি কেন্দ্রের মধ্যে অধিকাংশ কেন্দ্রেই তাঁদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। অনেক কেন্দ্রে তাঁদের এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। নির্বাচন প্রভাবিত করার সব চেষ্টা চলছে। তা সত্ত্বেও তাঁরা লড়াই চালিয়ে যাচ্ছেন। কিন্তু ভোট জালিয়াতির যে প্রবণতা দেখা যাচ্ছে, এতে মনে হচ্ছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হচ্ছে না। তিনি বলেন, তাঁদের নিশ্চিত বিজয় যদি ছিনিয়ে নেওয়া হয়, তাহলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।