বরিশালে হিজবুত তাওহীদের সদস্য সন্দেহে আটক ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের রূপাতলী ও উজিরপুর উপজেলা থেকে হিজবুত তাওহীদের সদস্য সন্দেহে গতকাল সোমবার সাতজনকে আটক করা হয়েছে। এ সময় সংগঠনের বেশ কিছু সিডি, বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।উজিরপুর থেকে মো. আবদুর রব মিস্ত্রি (৫২), মো. শরিফুল ইসলাম (২২), মো. জহিরুল ইসলাম ওরফে টুক (২৩), মো. হানিফ হাওলাদারকে (৫৫) এবং বরিশাল থেকে মো. আল আমিন মল্লিক (২৪), মো. সুমন মল্লিক (২২) ও মোসাম্মত্ খুশি আক্তারকে (২৪) আটক করা হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে বরিশালের উজিরপুর উপজেলার চৌধুরীহাট এলাকায় হিজবুত তাওহীদের প্রচারপত্র, সিডি ও বই বিলির সময় সংগঠনের চারজনকে আটক করা হয়। এ ছাড়া বরিশাল নগরের রূপাতলী এলাকা থেকে আরও তিনজনকে আটক করে র্যাব।র্যাব-৮-এর মেজর মো. রাশেদুজ্জামান হিজবুত তাওহীদের সাতজনকে আটকের বিষয়টি প্রথম আলো অনলাইনকে নিশ্চিত করেছেন।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল হক বলেন, হিজবুত তাওহীদের আটক সাত সদস্যকে থানায় হস্তান্তর করেছে র্যাব। তাদেরকে আজ কারাগারে পাঠানো হয়েছে।