বরিশালের আমড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আমড়া লন (নেন)—এমন হাঁক বাংলাদেশের অনেক জেলায় গিয়েই শোনা যায়। বরিশাল অঞ্চলের সব জেলায় আমড়ার চাষ হয়। তবে বেশি চাষ হয় পিরোজপুর জেলার আটঘর কুড়িয়ানা, বরিশালের বানারীপাড়া এবং ঝালকাঠি জেলার পোষণ্ডা গ্রামে।আমড়ার বাগানমালিক রবীন্দ্রনাথ সিকদার বলেন, পেয়ারার মৌসুম শেষ হতে না হতেই আমড়ার মৌসুম শুরু হয়। আমড়ার সবচেয়ে বড় বাজার বসে পোষণ্ডা এলাকায়। আমড়ার মোকামগুলোর মধ্যে উল্লেখযোগ্য কুড়িয়ানা এলাকার ভিমরুলী, আদমকাঠি, অন্দকুল, জিন্তাকাঠি, ব্রাহ্মণকাঠি, ডুমরিয়া, শতদশকাঠি, আন্দাকুল, বাউকাঠি প্রভৃতি।চাষি সূত্রে জানা যায়, শ্রাবণ থেকে শুরু হয়ে আশ্বিন মাস পর্যন্ত আমড়া বেচা-কেনা হয় এ অঞ্চলে। প্রতি মণ আমড়া ১০০০-১২০০ টাকায় বিক্রি হয়।দেশে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি আমড়ার চাষ হয়। এখান থেকে প্রতিবছর কয়েক লাখ মণ আমড়া ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, খুলনা, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ীসহ বিভিন্ন জেলায় সরবরাহ করেন পাইকারেরা।গোল্ডেন আপেলখ্যাত আমড়ার বৈজ্ঞানিক নাম Stondia Dulcis। এটি Anacardiaceae পরিবারভুক্ত। আমড়ায় জলীয় অংশ ৮৩ দশমিক ২, খনিজ ০ দশমিক ৬, লৌহ ০ দশমিক ৩৯, আঁশ ০ দশমিক ১, চর্বি ০ দশমিক ১, আমিষ ১ দশমিক ১, শর্করা ১৫, ক্যালসিয়াম ০ দশমিক ৫৫ শতাংশ। এ ছাড়া ভিটামিন ডি, সি ও ক্যারাটিন থাকে। আমড়া দিয়ে চাটনি ও আচার তৈরি করা হয়। আমড়ার ডাল ও তরকারি দিয়ে রসনাবিলাস করেন অনেক মানুষ।বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সারা দেশেই বরিশালের আমড়ার কদর রয়েছে। তবে আমড়ার গুণাগুণ সম্পর্কে সাধারণ মানুষ খুব একটা জানে না। কফ ও পিত্তের সমস্যা নিরাময় এবং কণ্ঠস্বর পরিষ্কার রাখার ক্ষেত্রে আমড়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ছাড়া, অরুচি দূর করতে আমড়া ব্যাপক ভূমিকা রাখে।