বরিশালের সঙ্গে দক্ষিণাঞ্চলের ১৮ রুটে লঞ্চ ধর্মঘট
বরিশালের সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের ১৮টি রুটে লঞ্চ ধর্মঘট চলছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক লঞ্চমালিকের সঙ্গে শ্রমিকদের বাগিবতণ্ডার জের ধরে গত শনিবার রাতে শ্রমিকেরা এ ধর্মঘটের ডাক দেন। এতে গতকাল রোববার ভোর ছয়টা থেকে বরিশালের সঙ্গে বরগুনা, পটুয়াখালী, পিরোজপুরসহ ১৮ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন ও নৌযান শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে গতকাল জানানো হয়, এমভি চন্দ্রদ্বীপ লঞ্চের মাস্টার নজরুল ইসলাম, টিকিট মাস্টার মো. সাদেক ও জাকিরের সঙ্গে সম্প্রতি মালিকপক্ষের কথাকাটাকাটি হয়। এ বিষয়ে কয়েকবার সালিস বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। এরপর চন্দ্রদ্বীপ লঞ্চের মালিক মো. পান্না ওই তিন স্টাফকে সাময়িক বরখাস্ত করেন। পরে লঞ্চমালিকের কাছে ক্ষমা চাইলে দুজন স্টাফকে কাজে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়; কিন্তু মাস্টার নজরুলকে তাঁর পদ ফিরিয়ে নেওয়া হয়নি। এ ঘটনার পর শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মো. শাহ আলম শনিবার ঢাকা থেকে বরিশাল আসেন সমঝোতা বৈঠক করতে। শনিবার রাত পর্যন্ত বরিশালে লঞ্চমালিকদের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। তাই রাতেই ধর্মঘটের ডাক দেয় শ্রমিক ফেডারেশন; যা গতকাল ভোর ছয়টা থেকে কার্যকর হয়েছে।বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন ও নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল শাখার যুগ্ম সম্পাদক মাস্টার একিন আলী অভিযোগ করে বলেন, ‘লঞ্চমালিক মো. পান্না লঞ্চের মাস্টার মো. নজরুল ইসলামের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় তাঁর সঙ্গে শ্রমিকদের সামান্য বাগিবতণ্ডা হয়। পরে শ্রমিকেরা মালিকের কাছে ক্ষমা চাওয়ার পরও মালিক সমিতি মাস্টার নজরুলকে কাজে যোগ দেওয়ার অনুমতি দেয়নি। বাধ্য হয়ে আমরাও ধর্মঘটের সিদ্ধান্ত নিই। আমাদের দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে।’বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন ও নৌযান শ্রমিক ফেডারেশনের সহসভাপতি শাহ আলম প্রথম আলোকে বলেন, একাধিক বৈঠকেও যেহেতু মালিকপক্ষ শ্রমিকদের কথা শোনেনি, তাই শ্রমিকেরাও তাঁদের অবস্থানে অনড়।লঞ্চমালিক মো. পান্না পাল্টা অভিযোগ করে প্রথম আলোকে বলেন, লঞ্চ পরে ঘাটে ভেড়াতে বললে গত ২৪ ফেব্রুয়ারি নজরুল মাস্টারসহ অন্য শ্রমিকেরা আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে ঘটনাটি লিখিতভাবে মালিক সমিতিকে জানানো হয়। সমিতির কেন্দ্রীয় কমিটি মাস্টার নজরুলকে বরখাস্ত করার সিদ্ধান্ত দেয়।এদিকে গতকাল বেলা ১১টা থেকে মালিক ও শ্রমিকপক্ষ সমস্যার সমাধানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর কর্মকর্তার দপ্তরে বৈঠকে বসে। বিকেল চারটায় বৈঠক শেষ হলেও কোনো সমঝোতা হয়নি।বিআইডব্লিউটিএর বন্দর পরিবহন পরিদর্শক মো. রিয়াদ হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, মালিক ও শ্রমিকদের আবারও বৈঠকে বসানোর চেষ্টা করা হচ্ছে।