বরিশালের সড়কগুলো মরণফাঁদ!
বরিশাল বিভাগের আওতায় মহাসড়কগুলোর অবস্থা মোটামুটি ভালো হলেও আঞ্চলিক ও জেলা সড়কের অবস্থা খুবই করুণ। বিভিন্ন সড়ক খানাখন্দে ভরা। ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ এসব রাস্তায় যান-চলাচল করছে, যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ, বাড়ছে সড়ক দুর্ঘটনা।ঢাকা-বরিশাল: মহাসড়কটি প্রস্থে কম হওয়ায় দুটি গাড়ি পাশাপাশি চলতে পারে না। এ কারণে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। অবশ্য সড়ক বিভাগের দাবি, বেপরোয়া গাড়ি চালানো এবং সময় নিয়ন্ত্রণ না থাকায় ঘটছে দুর্ঘটনা।বরিশাল সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানায়, তাদের আওতায় ৩৪৮ দশমিক ৩৬ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে মহাসড়ক ৮৩ দশমিক ৫ কিলোমিটার। আঞ্চলিক সড়ক রয়েছে ২৪ দশমিক ৫ কিলোমিটার এবং জেলা সড়ক ২৪০ দশমিক ৩৬ কিলোমিটার। জেলা সড়কগুলোর মধ্যে সংস্কারের আওতায় রয়েছে ১৭৬ দশমিক ৭৬ কিলোমিটার এবং উন্নয়ন প্রকল্পের অধীনে রয়েছে ৬৩ দশমিক ৬০ কিলোমিটার।ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল অংশের সিঅ্যান্ডবি রোড, রূপাতলী-দপদপিয়ার প্রায় ছয় কিলোমিটার সড়কের বিভিন্ন অংশ দেবে গেছে। অতিরিক্ত বোঝাই ট্রাক ও লরি চলাচলের কারণে এসব রাস্তা উঁচু-নিচু হয়ে দেবে গেছে। রূপাতলী এলাকার ব্যবসায়ী আজমল হোসেন লাবু বলেন, এই সড়কে সর্বোচ্চ ২০ টন ধারণক্ষমতার গাড়ি চলার কথা। অথচ ৪০ টন মালবাহী ১০ চাকার ট্রাকও এ রাস্তা দিয়ে চলে। বরিশাল সওজের নির্বাহী প্রকৌশলী এ কে এম শামছউদ্দিন আহম্মদ বলেন, সওজের অধীন সড়কগুলো রক্ষণাবেক্ষণের জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন তা প্রায় সময়ই পাওয়া যায় না। তাই কিছু সড়ক এখনো সংস্কারের বাইরে রয়েছে। ভোগান্তি কমেনি গৌরনদী-পয়সারহাট সড়কে: বিগত ১০ বছরেও ভোগান্তি কমেনি আগৈলঝাড়া-পয়সারহাট সড়কে যাতায়াতকারী যানবাহনের যাত্রী ও সাধারণ মানুষের। ১৫ কিলোমিটার সড়কটির পুনর্নির্মাণ ও সংস্কার না হওয়ায় পাইলিং ভেঙে রাস্তার বিভিন্ন অংশ ধসে পড়েছে। সড়কের বিভিন্ন অংশের মাঝ অংশ দেবে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ‘গোটা রাস্তা যেন একটা মরণফাঁদ’ মন্তব্য করলেন ওই রাস্তায় চলাচলকারী এক যাত্রী। বরিশাল সওজের উপসহকারী প্রকৌশলী মো. হানিফ সড়কটির দুরবস্থার কথা স্বীকার করে বলেন, সড়কটি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুমোদন ও মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পেলেই সংস্কারকাজ শুরু করা হবে। পটুয়াখালী-কুয়াকাটা সড়ক: পটুয়াখালী-কলাপাড়া-কুয়াকাটা মহাসড়ক ক্ষতবিক্ষত হয়ে আছে। এর বিভিন্ন অংশে ছোট-বড় অসংখ্য গর্ত। অনেক স্থানে ইট-সুরকি উঠে যাওয়ায় চরম ঝুঁকি নিয়ে পর্যটকসহ স্থানীয় লোকজনের যাতায়াত করতে হচ্ছে। সওজ বিভাগ জানায়, কলাপাড়া-কুয়াকাটা সড়কের ২২ কিলোমিটার অসমাপ্ত সড়কের সমাপ্তকরণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫৬ কোটি ৯৬ লাখ ১৩ হাজার টাকা। ২০১২ সালের ১২ ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ভোলার অধিকাংশ সড়কে সংস্কার জরুরি: ভোলায় প্রায় আট হাজার কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে প্রায় পাঁচ হাজার ২০০ কিলোমিটার পাকা এবং বাকি অংশ কাঁচা। সওজ, স্থানীয় প্রকৌশল অধিদপ্তর ও পৌর এলাকার সড়কগুলোর মধ্যে ৬০-৭০ ভাগ সড়ক ভাঙা ও খানাখন্দে ভরা। অনেক সড়ক যুগ যুগ ধরে সংস্কার হয়নি।ভোলা বাস মালিক সমিতির সদস্য ও বাস মালিক অনুপম দে জানান, সওজের অধিকাংশ সেতুই বেইলি সেতু। যেগুলোর একেকটির বয়স ৩০ থেকে ৪০ বছর। মরিচা পড়ে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। প্রায়ই এসব সেতুতে যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে।সওজের উপসহকারী প্রকৌশলী আলী আকবর প্রথম আলোকে জানান, ভোলায় এখন বরিশাল ও লক্ষ্মীপুর ফেরিঘাট দিয়ে প্রতিদিন শত শত বাস-ট্রাক আসে। এতে প্রতিটি সড়ক ব্যস্ত হয়ে পড়েছে। তজুমদ্দিন-কুঞ্জেরহাট-দেবীর চর-বোরহানউদ্দিন-উদয়পুরসহ তিনটি সড়কের প্রস্থ আছে ১২ মিটার। এটি ১৮ মিটার করা জরুরি।বরগুনা-চান্দখালী-বেতাগী-বাকেরগঞ্জ: আগে এটি পাকা রাস্তা ছিল। এটি দেখে বোঝার উপায় নেই। পুরো রাস্তার ওপরের অংশের বিটোমিন প্রলেপ, পাথর, খোয়া উঠে মাটির সঙ্গে মিশে গেছে। তার ওপর বড় বড় গর্ত আর খানাখন্দ সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। বরগুনা-চান্দখালী-বেতাগী-বাকেরগঞ্জ আঞ্চলিক সড়কটি বরিশাল বিভাগীয় শহরের সঙ্গে মিলিত হয়েছে। সড়কটিকে এলাকার লোকজন এখন রাস্তা না বলে বলেন, ‘মরণফাঁদ’। বরগুনা থেকে চান্দখালী হয়ে বাকেরগঞ্জ পর্যন্ত ৪৫ কিলোমিটার রাস্তার সংস্কার দীর্ঘদিনেও হচ্ছে না। জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ছগির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাস্তাটির বেহাল দশার কারণে আমাদের বাস চলাচল বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় দেখছি না।’যোগাযোগ করা হলে বরগুনা সওজের নির্বাহী প্রকৌশলী আ. রশিদ বলেন, ‘রাস্তাটি সংস্কারের জন্য সম্প্রতি ৬০ লাখ টাকা পাওয়া গেছে। আশা করি অচিরেই কাজ শুরু করতে পারব।’ ঝালকাঠিতেও সংস্কার জরুরি: জেলায় সওজ বিভাগের আওতায় ২৫৫ দশমিক ৪০ কিলোমিটার রাস্তা রয়েছে। এর মধ্যে মহাসড়ক ছয় কিলোমিটার, আঞ্চলিক মহাসড়ক ৩৯ কিলোমিটার ও জেলা সড়ক ২০৯ দশমিক ৪০ কিলোমিটার। বরিশাল-পটুয়াখালী জাতীয় মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া ফেরিঘাট থেকে খেজুরতলা পর্যন্ত ছয় কিলোমিটার মহাসড়কের ফেরিঘাটসংলগ্ন আধাকিলোমিটার সড়কের অবস্থা খুবই খারাপ। ২০১০-১১ অর্থবছরে এ সড়ক সংস্কারের জন্য দুই কোটি টাকা বরাদ্দ এবং দরপত্র আহ্বান করা হয়। ঢাকা সড়ক ভবন থেকে ঠিকাদারকে কার্যাদেশও দেওয়া হয়েছে। কিন্তু এখনো কাজ শুরু হয়নি। একই অবস্থা বরিশাল-ঝালকাঠি-ভান্ডারিয়া-পিরোজপুর ৩৯ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের। এ সড়ক উন্নয়নের জন্য সাত কোটি টাকা বরাদ্দের দরপত্র সম্পন্ন হলেও ঠিকাদার এখনো কাজ শুরু করেনি। সওজের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল ওয়াদুদ বলেন, ‘ঝালকাঠির ছয় কিলোমিটার মহাসড়ক এবং ৩৮ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক সংস্কারের জন্য প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।’ [প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন এম জসিমউদ্দিন, বরগুনা; শংকর দাস, পটুয়াখালী; নেয়ামতউল্যা, ভোলা; আক্কাস সিকদার, ঝালকাঠী; জহিরুল ইসলাম, গৌরনদী (বরিশাল); খায়রুল বাশার, আমতলী (বরগুনা)]